
প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 December 2024 23:15
দ্য ওয়াল ব্যুরো: সময় যত গড়াচ্ছে দেশে ট্রেন দুর্ঘটনার হার লাফিয়ে বাড়ছে। এতে একদিকে যেমন প্রাণ যাচ্ছে তেমনই বহু মানুষের আহত হওয়ার বিষয়টিও সামনে আসে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনার খবর সামনে আসে। এবার কেন্দ্রীয় সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, মোদী সরকারের আমলে গত ১০ বছরে রেল দুর্ঘটনা সামগ্রিকভাবে কমেছে ৬০ শতাংশ।
রাজ্যসভায় রেল দুর্ঘটনার বিস্তারিত জবাব দিল কেন্দ্রীয় রেল মন্ত্রক। জানানো হয়েছে, ২০২১ সালের এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত সারা ভারতে মোট ১৫২টি গুরুতর রেল দুর্ঘটনা ঘটেছে। যার জেরে প্রাণ হারাতে হয়েছে ৩৬২ জনকে। নিহতদের তালিকায় ১১ জন রেলকর্মীও রয়েছেন। মোট আহত হয়েছেন ৯৫৮ জন।
রাজ্যসভায় তথ্য পেশ করে রেল মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনা রুখতে গত ১০ বছর ধরে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। অত্যাধুনিক নানা ব্যবস্থা চালু করা হয়েছে। সে কারণেই ট্রেন দুর্ঘটনার সংখ্যা আগের তুলনায় অনেক কমেছে।
পাশাপাশি পেশ করা তথ্যে দাবি করা হয়েছে, ২০১৪-১৫ আর্থিক বছরে যেখানে সারা দেশে মোট ১৩৫টি রেল দুর্ঘটনা নথিভুক্ত করা হয়েছিল, সেখানে ২০২৩-২৪ আর্থিক বছরে মোট ৪০টি রেল দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে।
মূলত সে সব রেল দুর্ঘটনার কথাই বলা হয়েছে, যে দুর্ঘটনাগুলিতে মানুষের মৃত্যু হয়েছে। অথবা কেউ আহত হয়েছেন। ঠিক কী কারণে দুর্ঘটনা হয়েছে, সেই তালিকাও মোদী সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে যেমন রয়েছে রেললাইন, রেলের কামরায় নানা সমস্যার কথা, তেমনই যন্ত্রপাতি অকেজো হয়ে যাওয়া-সহ মানুষের দোষে ভুল হওয়ার বিষয় তুলে ধরা হয়েছে।
মোদী সরকারের এমন তথ্য দেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, এসব ভুল তথ্য দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না। রেলের অবস্থার কথা দেশবাসী জানেন। তাই এই নিয়ে নতুন কিছু বলে ভুল।