
শেষ আপডেট: 11 November 2023 12:10
দ্য ওয়াল ব্যুরো: ৪ বছরের একটি শিশু কন্যাকে ভুলিয়েভালিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে পুলিশের এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটমুখী রাজস্থানে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই, শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাজস্থানের দৌসা জেলার লালসত এলাকায়। অভিযুক্ত সাব ইন্সপেক্টরের নাম ভূপেন্দ্র সিং। জানা গেছে, শুক্রবার বিকেলে চার বছরের শিশুকন্যাটিকে ভুলিয়েভালিয়ে নিজের ঘরে নিয়ে যায় ভূপেন্দ্র। তারপর সেখানে ধর্ষণ করে তাকে।
এই ঘটনা জানাজানি হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বিপুল সংখ্যা গ্রামবাসী রাহুওয়াস থানা ঘেরাও করে। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে তারা। অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে ধরে ফেলে বেধড়ক পেটায় সকলে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে ভূপেন্দ্রকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে গ্রেফতার করে।
আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটের মাত্র সপ্তাহ দুয়েক আগে এমন ঘটনায় অশোক গেহলট সরকারের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। বিজেপি সাংসদ কিরোদি লাল মীনা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান। তিনি দাবি করেন, নিগৃহীতা শিশুকন্যাটি দলিত সম্প্রদায়ভুক্ত। তার সঙ্গে হওয়া অন্যায়ের সুবিচার পাইয়ে দিতে তিনি সব রকম সাহায্য করবেন বলে জানিয়েছেন।
"অশোক গেহলট সরকারের অযোগ্যতার কারণে স্বৈরাচারী হয়ে পড়েছে পুলিশ। নির্বাচনের মতো স্পর্শকাতর ঘটনার আগেও নৃশংস কার্যকলাপ বন্ধ রাখতে পারছে না তারা," দাবি তাঁর। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত পুলিশকর্মীরর বিরুদ্ধে সমস্ত রকম কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। নিগৃহীতা শিশুটির পরিবারের সদস্যদের বিজেপির তরফে সমস্ত রকম সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।