
প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 February 2025 11:23
দ্য ওয়াল ব্যুরো: ফ্ল্যাটের ভিতরে থেকে বেরোল ৩৫০টি বিড়াল। পুণের মারভেল বাউন্টি নামে এক আবাসন থেকে এমনই ছবি প্রকাশ্যে এল। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ হাজির হয় ফ্ল্যাটে। ভিতরে ঢুকেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। দেখেন, ঘরের মধ্যে কিলবিল করছে বিড়াল।
পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটে মালিক রাস্তা থেকে বিড়াল তুলে এনে, তাদের খাওয়ানো শুরু করেন। প্রত্যেকটি বিড়ালই সুস্থ এবং শক্তিশালী। রাস্তার অসুস্থ বিড়ালগুলিকে তুলে এনেও ওই ব্যক্তি তাদের খাইয়ে, পরিয়ে সুস্থ করে তোলেন। তারপর ছেড়ে দেন।
তবে রাস্তা থেকে বিড়াল তুলে আনতে শুরু করায়, আবাসন ক্রমশ নোংরা হয়ে যাচ্ছিল। যার জেরেই প্রতিবেশীরা পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ করেন।
যে ফ্ল্যাটে বিড়ালদের অবারিত দ্বার, সেখান থকে বোঁটকা দুর্গন্ধ বেরোতে শুরু করায়, আবাসনের অনেকে আপত্তি জানান। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ওই ফ্ল্যাটের মালিককে নোটিস ধরান। সেই সঙ্গে বিড়ালগুলিকে একসঙ্গে যাতে কোনওভাবে ঘরের ভিতরে রাখা না হয়, সে বিষয়েও স্পষ্ট নির্দেশ দেয় পুলিশ এবং পুরসভার তরফে।
আগামী ২ দিনের মধ্যে ফ্ল্যাটের মালিক যাতে সমস্ত বিড়ালকে ছেড়ে দেন এবং ফ্ল্যাট থেকে সরিয়ে ফেলেন, সে বিষয়েও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।