বিষ্ণু, বৈষ্ণবী ও অভিযুক্ত বৈজুর ছবি
শেষ আপডেট: 3 March 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: নিজেরই বন্ধুর সঙ্গে পরকীয়া (Extra Marital Affairs) ছিল স্ত্রীর (Wife)! এমন সন্দেহেই দু'জনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। কেরলের (Kerala) কালানজুর গ্রামের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, ৩২ বছর বয়সি অভিযুক্ত বৈজু রবিবার রাত ১১টা নাগাদ ধারাল অস্ত্র দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে স্ত্রী বৈষ্ণবীকে তাঁর বন্ধু বিষ্ণুর বাড়িতে নিয়ে যায়। এরপর সেখানেই কুপিয়ে খুন করে। স্ত্রীকে খুন করে ক্ষান্ত হয়নি সে। বিশ্বাসঘাতকতা করায় বন্ধুকেও কোপায় সে। ঘটনাস্থলেই বৈষ্ণবীর মৃত্যু হলেও গুরুতর জখম হন বিষ্ণু।
জানা যায় চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে চম্পট দেয় অভিযুক্ত বৈজু। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় বিষ্ণুকে উদ্ধার করে পাঠানমথিত্তা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও মাঝ রাস্তাতেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বৈজু অনান্য বন্ধুদের কাছে পুরো ঘটনার কথা স্বীকার করে। এরপরই তাঁরা থানায় খবর দেন এবং গ্রেফতার করা হয় ব্যক্তিকে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় দু'জনের শরীর রক্তে ভেসে যাচ্ছে। নিজের বন্ধু ও স্ত্রীকে মেরে বর্তমানে জেল হেফাজতই ঠিকানা হয়েছে অভিযুক্তের।
এদিকে একের পর এক খুনের ঘটনায় অশান্ত কেরল। গত সোমবারই তিরুঅনন্তপুরমে প্রেমিকাকে খুনের অভিযোগে পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বছর তেইশের এক যুবক। অভিযোগ, ভাই-ঠাকুমা-কাকিমা-কাকু মিলে প্রেমিকাকে খুন করেছে। রেয়াত করেনি ক্যানসারে আক্রান্ত প্রেমিকার মা-কেও। সেই মামলার এখনও সুরাহা হয়নি তার মধ্যে ফের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।