ঝামেলার সূত্রপাত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। চার মাস আগে প্রিন্সের দাদু মারা যান। তাঁর স্মৃতিতে নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি স্টোরি শেয়ার করেন তিনি।

গুজরাতে খুন যুবক
শেষ আপডেট: 24 September 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের এক যুবকের দাদুকে নিয়ে করা ফেসবুক পোস্টে হাসির ইমোজি দিয়ে ফেলেছিলেন বিহারের এক যুবক। তার পরিণতি হল ভয়ানক। সামান্য তর্কাতর্কি থেকে খুন। ধারাল অস্ত্রের কোপে মৃত্যু হয় ২০ বছরের যুবকের। ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, নিহতের নাম প্রিন্স (২০)। বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন গুজরাতে। সেখানে একটি কারখানায় কাজ করতেন। তাঁর সঙ্গে আরও তিন ভাইও থাকতেন।
ঝামেলার সূত্রপাত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। চার মাস আগে প্রিন্সের দাদু মারা যান। তাঁর স্মৃতিতে নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি স্টোরি শেয়ার করেন তিনি। তাতেই হাসির ইমোজি দিয়েছিলেন বিপিন কুমার। প্রসঙ্গত, বিপিনও বিহারের বাসিন্দা এবং প্রিন্সের পূর্বপরিচিত ছিলেন।
প্রথমে ফোনে দুজনের তর্কাতর্কি হয়। সেখান থেকেই নৃশংস দিকে মোড় নেয় গোটা ঘটনা। পুলিশ জানিয়েছে, গত ১২ সেপ্টেম্বর প্রিন্স তাঁর কারাখানার বাইরে অটোয় বসেছিলেন। সেইসময়েই বিপিনকে তাঁর দিকে আসতে দেখে আবার কারখানার ভিতরে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আরেক অভিযুক্ত ব্রিজেশ তাঁর পথ আটকে দাঁড়ায়। এরপরই বিপিন পরপর কোপ মারে প্রিন্সের শরীরে।
রক্তাক্ত অবস্থায় প্রিন্সকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চললেও অতিরিক্ত রক্তক্ষরণ এবং জখমের কারণে শারীরিক অবস্থার অবনতি হয়, পরে তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে নিজের বয়ান দিয়ে গেছিলেন প্রিন্স। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। মূল অভিযুক্ত বিপিনকে গ্রেফতার করা গেলেও ব্রিজেশ এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।