গত মাসের শেষের দিকে পুলিশের কাছে খবর আসে বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে কুলগামে। সেই মতো তল্লাশি শুরু হয়।

ফাইল ছবি
শেষ আপডেট: 9 August 2025 11:23
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গিদের সঙ্গে ন’দিন ধরে চলা গুলির লড়াইয়ে শহিদ হলেন দুই সেনা জওয়ান। জম্মু-কাশ্মীরের কুলগামের আখল এলাকায় এখনও দুপক্ষের মধ্যে চলছে সংঘর্ষ।
শনিবার ভোররাতে জঙ্গিদের সঙ্গে ‘ক্লোজ কমব্যাট’-এ প্রাণ দেন ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং। আহত হয়েছেন আরও দুই জওয়ান, ফলে আহত সেনার সংখ্যা দাঁড়াল ১০। পুলিশ জানিয়েছে, 'শহিদদের সাহস ও ত্যাগ চিরকাল অনুপ্রেরণা দেবে। শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছে ভারতীয় সেনা।'
গত মাসের শেষের দিকে পুলিশের কাছে খবর আসে বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে কুলগামে। শুরুতে পাঁচ জঙ্গির উপস্থিতির খবর ছিল, যার মধ্যে অন্তত তিন জন বিদেশি, পাকিস্তান থেকে আসা ও জঙ্গলে যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত। সেই মতো তল্লাশি শুরু হয়।
সেনা, পুলিশ ও সিআরপিএফ, তিন বাহিনী যৌথভাবে মাঠে নামে। ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার দিয়ে নিশানা করা হচ্ছে জঙ্গি ঘাঁটিগুলি। লুকিয়ে থাকা জঙ্গিরা অত্যাধুনিক জঙ্গলযুদ্ধ কৌশলে প্রশিক্ষিত বলে জানা গেছে। মাঝে মাঝেই বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে উঠছে এলাকা। আকাশ থেকে ড্রোন দিয়ে বোমা ফেলা হচ্ছে সন্দেহভাজন স্পটগুলিতে।
অভিযানের তদারকিতে রয়েছেন জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অব পুলিশ নলিন প্রভাত এবং শীর্ষ সেনা কর্তারা। নলিন প্রভাত বলেছেন, 'জঙ্গল ও দুর্গম এলাকা হওয়ায় সময় লাগছে, তবে আমরা তাদের ধরবই।'