প্রতীকী চিত্র
শেষ আপডেট: 18 January 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে ভিক্ষা করত ১৬ বছরের কিশোরী। তার আয়েই কোনওরকমে মদ্যপ বাবা ও ভাইকে নিয়ে চলত তিনজনের সংসার। কিন্তু সেই নাবালিকাকেই খাবারের লোভ দেখিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক অটো চালক-সহ তিন যুবকের বিরুদ্ধে।
এমনকি ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় জোর করে কিশোরীর গর্ভপাত করানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে হরিয়ানার ফরিদাবাদ।
পুলিশ জানিয়েছে, ফরিদাবাদ শহরে ভিক্ষা করত কিশোরী। ঘটনার তদন্ত শুরুর পর পুলিশ জানতে পারে অভিযুক্ত অটোচালকের কথা। সে মাঝেমধ্যে কিশোরীকে খাবার দিত বলে খবর। ঘটনার কদিন আগে আচমকাই নিখোঁজ হয় কিশোরীর ভাই। তাকে খুঁজে দেওয়ার কথা বলে কিশোরীকে নিজের অটোয় তুলে নেয় অভিযুক্ত। খবর দেয় আরও দুই বন্ধুকে। তারপরই ঘটে দুর্ঘটনা।
অভিযোগ, একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে অটোচালক যশবন্ত এবং তার দু’জন বন্ধু সুলতান ও সিকন্দর একাধিক বার কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে এক প্রতিবেশী কিশোরীকে উদ্ধার করেন বলে খবর।
ঘটনার কথা যাতে কোনওভাবেই জানাজানি না হয় সে কারণে কিশোরীকে লাগাতার হুমকিও দিতে থাকে অভিযুক্তরা। কিছুদিন আগে শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ায় ভিক্ষুক কিশোরীর শারীরিক পরীক্ষা করায় অভিযুক্তরা। দেখা যায় সে অন্তঃসত্ত্বা। এরপরই তার গর্ভপাত করানোর অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।
গর্ভপাতের জেরে স্বাভাবিকভাবেই বছর ষোলোর কিশোরী অসুস্থ হয়ে পড়লে খবর যায় রাজ্যের শিশু সুরক্ষা দফতরে। তাদের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় অটোচালক-সহ তিন অভিযুক্তকে। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।