তদন্তকারীরা জানিয়েছেন, এই ধরণের চক্র ভাঙা শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও বড়সড় বার্তা দেবে।

গ্রেফতার ১৩ জন, ড্রাগের ওই ফ্যাক্টরিতে
শেষ আপডেট: 6 September 2025 11:06
দ্য ওয়াল ব্যুরো: দেশের অন্যতম বড় আইটি হাব, তার আড়ালে মাদক চক্র। ডাক্তার থেকে ইঞ্জিনিয়র, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী জড়িয়ে পড়ছেন অনেকেই। একের পর এক ঘটনা সামনে আসছে। হায়দরাবাদ হচ্ছে টা কী! এই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে অনেকেরই। এরই মাঝে ফের সামনে এল আরেক ঘটনা। এবার মুম্বই পুলিশ একটি ঘটনা জাল গোটাতে গিয়ে তেলঙ্গানার সক্রিয় মাদক চক্রের হদিশ পেল। সেখান থেকে বাজেয়াপ্ত হয়েছে ৩২ লিটার কাঁচা এমডি মাদক, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১২ হাজার কোটি টাকা।
তদন্তের সূত্রপাত হয়েছিল মাত্র ২০০ গ্রাম এমডি মাদক উদ্ধারের মাধ্যমে, যার দাম ছিল আনুমানিক ২৫ লক্ষ টাকা। কিন্তু তদন্ত যত গভীর হয়েছে, ততই উন্মোচিত হয়েছে মাদকের জাল, আর শেষ পর্যন্ত পুলিশ পৌঁছে যায় তেলঙ্গানায় চলা বিশাল মাদক তৈরির ইউনিটে।
এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের মতে, ধৃত চক্রটির শিকড় ছড়িয়ে রয়েছে শুধু দেশের বিভিন্ন প্রান্তেই নয়, বিদেশেও। যে কারখানাটি থেকে মাদক উদ্ধার হয়েছে, সেখান থেকে প্রচুর কেমিক্যাল সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ। অত্যাধুনিক যন্ত্রপাতি ও রাসায়নিক ব্যবহার করে এমডি মাদক তৈরি করছিল চক্রটি। গোটা নেটওয়ার্ক এতটাই জটিলভাবে সাজানো হয়েছিল যে, তাদের উৎস খুঁজে বের করা পুলিশের কাছে ছিল অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।
তদন্তকারীরা জানিয়েছেন, মাদক তৈরির পাশাপাশি চক্রটি বিশাল সরবরাহ ও বন্টন ব্যবস্থা তৈরি করেছে। ফলে দীর্ঘদিন ধরে তারা ধরাছোঁয়ার বাইরে থেকেছে। এই ধরণের চক্র ভাঙা শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও বড়সড় বার্তা দেবে।
এর আগে মীরা-ভয়ান্দর পুলিশ প্রায় ১৫ কেজি কোকেন বাজেয়াপ্ত করে শোরগোল ফেলে দিয়েছিল। সেই কোকেনের বাজারমূল্য ছিল ২২ কোটিরও বেশি। সে সময় তিনজন অভিযুক্তকে ধরা হয়েছিল, যাদের মধ্যে দু’জন বিদেশি নাগরিকও ছিল। কিন্তু এবারের ১২ হাজার কোটি টাকার মাদক উদ্ধারের ঘটনা তদন্তকারীদের কাছে আরও বড় মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।