
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।
শেষ আপডেট: 15 June 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় বিশাল খাদ থেকে পুণ্যার্থী বোঝাই গাড়ি অলকানন্দার জলে পড়ে গিয়ে অন্ততপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। হৃষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে একটি টেম্পো ট্রাভেলার গাড়ি ২৩-২৬ জন যাত্রী নিয়ে খাদে উল্টে পড়ে যায়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় এসডিআরএফ এবং প্রশাসন উদ্ধারকাজে হাত লাগিয়েছে। সংবাদ সংস্থা জানাচ্ছে, দিল্লি-গাজিয়াবাদ থেকে একদল পুণ্যার্থী চোপতা তুঙ্গনাথের দিকে যাচ্ছিলেন।
অন্য একটি সূত্রে জানা গিয়েছে, দিল্লির নয়ডা থেকে ২৬ জন যাত্রী নিয়ে টেম্পো ট্রাভেলারটি আসছিল। জখমদের চিকিৎসার জন্য আনতে গুপ্তকাশী থেকে হেলিকপ্টার রুদ্রপ্রয়াগে পৌঁছে গিয়েছে। এর মধ্যেই চারজনকে এইমসে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুদ্রপ্রয়াগ শহরের ৫ কিমি আগে বদ্রীনাথ হাইওয়েতে রাইতোলিতে অলকানন্দের জলে পড়ে যায় ছোট বাসটি।