ভারতের মতো বৈচিত্র্যময় দেশে কীভাবে আইন ও সংবিধান একটি ঐক্যবদ্ধ কাঠামো তৈরি করেছে, সেটিও বইটিতে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে প্রধান বিচারপতি জানান।

প্রধান বিচারপতি বি আর গাভাই (ফাইল ছবি)
শেষ আপডেট: 18 November 2025 16:52
দ্য ওয়াল ব্যুরো: বিচার ব্যবস্থায় নিষ্ক্রিয়তা যেমন ভয়ংকর তেমনই অতিরিক্ত সক্রিয়তাও বিপজ্জনক হতে পারে, সম্প্রতি এক অনুষ্ঠানে বিচার ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বি আর গাভাই (Chief Justice of India BR Gavai)।
প্রধান বিচারপতি বলেন, "দেশের আদালতগুলোর বিচার প্রক্রিয়ার সক্রিয়তা (Judicial Activism) প্রয়োজন, কারণ অনেক সময় আইনসভা বা সরকার নাগরিকের অধিকার রক্ষায় ব্যর্থ হয়। সেক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ জরুরি।" তবে এই সক্রিয়তা যেন কখনও 'বিচারিক দুঃসাহসিকতা' বা 'বিচার আতঙ্কে' পরিণত না হয়, এমন সতর্কবার্তাও দেন তিনি।
প্রধান বিচারপতি এই মন্তব্য করেন মুম্বইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে, যেখানে এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এফ.আই. রেবেলোর লেখা বই ‘Our Rights: Essays on Law, Justice and the Constitution’ প্রকাশিত হয়। সেই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ-সহ অন্যান্য বিচারক ও আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
"ভারতীয় বিচারব্যবস্থায় বিচারিক সক্রিয়তা বহু দিন ধরেই রয়েছে। আর এটা থাকবেও, কারণ সংবিধান আদালতকে এমন ক্ষমতা দিয়েছে যাতে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আদালত হস্তক্ষেপ করতে পারে।" একথা বলে প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, আদালতের হস্তক্ষেপ করারও একটা সীমা রয়েছে। বিচারকদের সেই সীমারেখা সম্পর্কে সচেতন থাকা উচিত।
তিনি জানান, 'বিচারপতি রেবেলো তাঁর বইয়ে বিচারিক সক্রিয়তার সঠিক সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বইটিতে আইন, সংবিধান, নাগরিক অধিকার থেকে শুরু করে বিচারব্যবস্থার নানা সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে স্পষ্টভাবে লেখা হয়েছে।'
ভারতের মতো বৈচিত্র্যময় দেশে কীভাবে আইন ও সংবিধান একটি ঐক্যবদ্ধ কাঠামো তৈরি করেছে, সেটিও বইটিতে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে প্রধান বিচারপতি জানান। তাঁর কথায়, “বিচারপতি রেবেলো আজকের বিচারব্যবস্থার চ্যালেঞ্জ নিয়েও খুব খোলামেলা আলোচনা করেছেন। তিনি কোনও বিষয় এড়িয়ে যাননি।”
এদেশের বিচার ব্যবস্থার প্রশংসা করে ভারতের প্রধান বিচারপতি আরও বলেন, "গত ৭৫ বছরে আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচারব্যবস্থা- তিনটি স্তরই বাস্তববাদী মনোভাব নিয়ে কাজ করেছে। তাই ভারতের গণতান্ত্রিক কাঠামো এত দিন শক্তভাবে টিকে রয়েছে।"
এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির বইটির প্রশংসা করে তিনি বলেন, এটি বিচারক, আইনজীবী ও আইন নিয়ে পড়াশোনা করা ছাত্রদের জন্যও মূল্যবান সম্পদ হবে। এই বই ভারতের সামাজিক ও অর্থনৈতিক সমতার পথে অগ্রসর হতে সাহায্য করবে বলেও তিনি আশাবাদী।