
আতিশীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
শেষ আপডেট: 25 June 2024 07:46
দ্য ওয়াল ব্যুরো: অনশনরত দিল্লির আম আদমি পার্টির মন্ত্রী আতিশীর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। তাঁর সুগার লেবেল কমে ৩৬ হয়ে গেছে। এই অবস্থায় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। আপের আর এক মন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, আতিশীর শারীরিক অবস্থা ভাল নয়।
দিল্লির জলসংকট নিয়ে গত কয়েক মাস ধরে জটিলতা চলছে। পানীয় জলের অভাবে হাঁসফাস অবস্থা রাজধানীর সাধারণ মানুষের। প্রতিবেশি রাজ্যগুলি দিল্লিকে পানীয় জল দিয়ে সহায়তা করে থাকে। এবার তারা বলেছে, বাড়তি জল দেওয়া সম্ভব নয়। দীর্ঘ তাপপ্রবাহের ফলে আশপাশের রাজ হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থানেরও জল ও বিদ্যুতের চাহিদা বেড়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে দিল্লি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও পরিস্থিতির বদল হয়নি। শীর্ষ আদালত লাগোয়া রাজ্যগুলিকে রাজধানীকে বাড়তি জল দিতে বললেও তারা রাজি হয়নি। তারা পাল্টা আদালতকে জানিয়েছে, দিল্লি সরকার বিকল্প ব্যবস্থা না করাতেই এই বিপত্তি। শীর্ষ আদালতেই তারা অতীতে হলফনামা দিয়ে বলেছিল জলের বিকল্প ব্যবস্থা তারা করে নেবে।
জল সমস্যার সমাধান না হওয়ায় প্রতিবাদে অনশনে বসেন আপের মন্ত্রী। বিজেপির অভিযোগ, নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই মন্ত্রী অনশনে বসেন।
জানা গিয়েছে, সোমবার বিকাল থেকে আতিশীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রক্তে শর্করার পরিমাণ নামতে থাকে। প্রেসারও কমে যায়। রাতে তাঁকে জোর করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপ সরকারের এক আধিকারিক বলেন, রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। পুরোদমে বর্ষা শুরু হলে হয়তো পানীয় জলের চাহিদা কমে আসবে। কিন্তু জল সমস্যার স্থায়ী সমাধান অধরাই থেকে গেল।