
জিপলাইন রাইডের সময় দুর্ঘটনা
শেষ আপডেট: 23 April 2025 17:35
দ্য ওয়াল ব্যুরো: ভোর তালুকার ভারভে গ্রামে রাজগড় ওয়াটার পার্ক রিসর্টে অ্যাডভেঞ্চার জোনে জিপলাইন রাইডের প্রস্তুতির সময় দুর্ঘটনায় এক ২৮ বছর বয়সি আইটি কর্মীর মৃত্যুর ঘটনায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুণে গ্রামীণ পুলিশ। নিহত তরুণীর নাম তরল অরুণ আটপালকর।
গত ১৮ এপ্রিল সন্ধ্যা ৫টা ৫০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পরিবার ও আত্মীয়দের সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিলেন তরল। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকায় দুর্ঘটনা ঘটে। জিপলাইন টাওয়ারের উপরে একটি স্টুলে উঠে হারনেস বেঁধে নেওয়ার সময় ভারসাম্য হারিয়ে প্রায় ৩০ ফুট নীচে পড়ে যান তিনি। সহকারী পরিদর্শক তুকারাম রাঠোড় বলেন, “যদি কাঠামোটি যথাযথভাবে তৈরি করা হত ও নিরাপত্তা ব্যবস্থা, যেমন— সেফটি নেট থাকত, তাহলে এই দুর্ঘটনা এড়ানো যেত।”
তরল-এর কাকা নন্দকিশোর আটপালকর সোমবার ভোরে একটি এফআইআর দায়ের করেন। তার ভিত্তিতে পার্ক ম্যানেজার অনিল যাধব, অ্যাডভেঞ্চার ম্যানেজার দিলীপ গোসাভি এবং কর্মী বিশাল কুমার, শ্রীরামেশ কুমার ও স্বপনিল দেওয়ালকে পুলিশ জিজ্ঞাসা শুরু করেছে। এছাড়া রিসর্টের মালিক ও অপারেটরের নামও এফআইআরে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ তাদের অবস্থান স্পষ্ট করেছে। রাজগড় ওয়াটার পার্কের মালিক হেমন্ত সোনাওয়ানে বলেন, “গত ১৫ বছর ধরে আমরা পার্ক চালাচ্ছি। ২০১৮ সালে অ্যাডভেঞ্চার স্পোর্টস বিভাগ যুক্ত হয়েছে। এর আগে এমন কোনও দুর্ঘটনা ঘটেনি।”
অ্যাডভেঞ্চার ম্যানেজার দিলীপ গোসাভির দাবি, দুর্ঘটনার আগে সমস্ত সুরক্ষা পরীক্ষা করা হয়েছিল। “প্রত্যেককে হেলমেট, সেফটি বেল্ট দেওয়া হয়েছিল। তবে দুর্ঘটনার সময় নিয়ম ভেঙে তারল ও তাঁর দুই আত্মীয় সেলফি তুলতে গিয়ে হেলমেট খুলে ফেলেন। ৩০ ফুট উচ্চতায় ব্যারিকেডে হেলান দিলে, রড ভেঙে পড়ে যান তরল,” বলেন গোসাভি।
যদিও তাঁর দাবি, উপস্থিত কর্মীরা বাকি দুই জনকে বাঁচাতে পেরেছেন। এদিকে শোকস্তব্ধ তরলের পরিবার কোনও বিতর্কে যেতে নারাজ। এক আত্মীয় বলেন, “আমরা এই মর্মান্তিক ঘটনাকে মেনে নিয়েছি। পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়েছি। এখন কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয়, সেটাই কামনা করছি।” এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে।