দ্য ওয়াল ব্যুরো: করোনার টিকার দ্বিতীয় স্তরের ট্রায়াল করছে জাইদাস ক্যাডিলা। এবার করোনা সারানোর অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভিরও বাজারে আনল ক্যাডিলা গ্রুপ। সিপলাকে টেক্কা দিয়ে রেমডেসিভিরের নতুন ব্র্যান্ড ‘রেমড্যাক’ নিয়ে এল দেশের প্রথম সারির এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি।
করোনা সলিডারিটি ট্রায়ালে রেমডেসিভির ওষুধের সুফল লক্ষ্য করেই এই ওষুধ ব্যবহারের ছাড়পত্র দিয়েছিল ড্রাগ কন্ট্রোল। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছিল, রেমডেসিভিরের রিকভারি ট্রায়ালের রিপোর্টও ভালর দিকেই। রেমডেসিভিরের ইন্টারমাস্কুলার ইঞ্জেকশনের প্রয়োগে অন্তত ৬৮% রোগীর শ্বাসকষ্ট কমেছে। ভারতের বাজারে এই ওষুধ নিয়ে আসার জন্য রেমডেসিভিরের নির্মাতা সংস্থা গিলিয়েড সায়েন্সেসের সঙ্গে চুক্তি করে সিপলা ফার্মাসিউটিক্যাল, হেটেরো ল্যাব ও জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস। তিন সংস্থাই তাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছে। যার মধ্যে হেটেরো ল্যাবের ব্র্যান্ড কোভিফোর ও সিপলার ব্র্যান্ড সিপ্রেমি ড্রাগ কন্ট্রোলের অনুমোদন পেয়ে গেছে। এবার রেমডেসিভিরের ব্র্যান্ড ভারতের বাজরে নিয়ে আসার লাইসেন্স পেল জাইদাস ক্যাডিলা।
সিপলা ও হেটেরো ল্যাবের থেকেও কম দামে রেমডেসিভিরের ব্র্যান্ড বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে জাইদাস ক্যাডিলা। তাদের তৈরি রেমডেসিভিরেরে জেনেরিক ভার্সন রেমড্যাকের প্রতি ১০০ মিলিগ্রাম ভায়ালের দাম পড়বে ২৮০০ টাকা।
সিপলার তৈরি রেমডেসিভিরের ব্র্যান্ড সিপ্রেমির দাম অনেক। প্রতি ১০০ মিলিগ্রাম ভায়ালের দাম পাঁচ হাজার টাকার কাছাকাছি। ইতিমধ্যেই রেমডেসিভিরের জেনেরিক ভার্সন ডেসরেম ভারতের বাজারে আনছে আন্তর্জাতিক ড্রাগ নির্মাতা সংস্থা মাইল্যান এনভি। ড্রাগ কন্ট্রোলের অনুমোদনও পেয়ে গেছে মাইল্যান। ভারতের বাজারে তারা রেমডেসিভিরের দাম রেখেছে প্রতি ভায়ালে ৪৮০০ টাকা।
রেমডেসিভির নিউক্লিওটাইড অ্যানালগ (Nucleotide Analog)। আরএনএ ভাইরাসের প্রতিলিপি তৈরির ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে এই অ্যান্টি-রেট্রোভিয়াল ড্রাগ। গিলিয়েড সায়েন্সেসের রিপোর্টের উপর ভিত্তি করে ভারতেও রেমডেসিভির ওষুধের মূল উপকরণ বানাচ্ছে সরকারি সংস্থা কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজিতে (সিএসআইআর-আইআইসিটি) । করোনা থেরাপিতে অ্যান্টি-রেট্রোভিয়াল ওষুধ রেমডেসিভির তৈরির দৌড়ে রয়েছে হায়দরাবাদারে ফার্মাসিউটিক্যাল কোম্পানি হেটেরো ল্যাবও। তাদের তৈরি রেমডেসিভিরের ব্র্যান্ড ‘কোভিফোর’। হেটেরো গ্রুপ জানিয়েছে, অন্তত ২৫ হাজার ভায়াল তৈরি হয়েছে কোভিফোরের। যার মধ্যে ১৫ হাজার ওষুধের ভায়াল পাঠানো হয়েছে বৃহন্মুম্বই পুরসভায় ও ১০ হাজার পাঠানো হচ্ছে তামিলনাড়ুতে। প্রতি ১০০ মিলিগ্রাম ভায়ালের দাম পড়বে ৫৪০০ টাকা। তবে রেমডেসিভির ওষুধের দামে এবার সিপলা ও হেটেরো ল্যাবকে টেক্কা দিল জাইদাস ক্যাডিলা।