
শেষ আপডেট: 2 July 2023 06:34
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে বেশি চর্চার বিষয় বিশ্বের দুই ধনকুবেরের মধ্যেকার 'কেজ ফাইট'! টুইটার কর্তা ইলন মাস্ক ও মেটা কর্তা মার্ক জুকারবার্গের মধ্যে সম্মুখ সমর দেখার আশায় বসে নেটিজেনরা। সকলের মনেই এখন একটাই প্রশ্ন, এই লড়াইয়ে শেষ হাসি হাসবেন কে?
দিন কয়েক আগে ইলন মাস্ক হঠাৎই টুইটারে মার্ক জাকারবার্গকে চ্যালেঞ্জ করে বসেন। কিন্তু বিষয়টা ছিল পুরোটাই মজার ছলে। তবে মার্ক সেই চ্যালেঞ্জ গ্রহণও করে নেন। জুকারবার্গ, মাস্ককে জিজ্ঞেস করেন, 'কোথায় লড়াই হবে?' তারপরই টেসলার মালিক 'কেজ ফাইট'-এর চ্যালেঞ্জ জানান।
এই লড়াইয়ে জিতবেন কে, সেটা তো সময়ই বলবে। তবে এই যুদ্ধ নিয়ে কী ভাবছেন মিশ্র মার্শাল আর্টিস্টরা? তাঁদের কথায়, এই লড়াইয়ে জেতার সম্ভাবনা যোদ্ধাদের আকার আকৃতি ওপর নির্ভর করে না।
কেজ ফাইট বা মিশ্র মার্শাল আর্টস (MMA) কী?
এই লড়াই দুই প্রতিপক্ষের মধ্যে বন্ধ খাঁচার মধ্যে হয়। বক্সিং, জুজুৎসু, কিক বক্সিং, কুস্তি সহ একাধিক ধরনের মার্শাল আর্টের ককটেল হল এই এমএমএ বা কেজ ফাইট।
এবার এই এমএমএ লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন এমন দুই যুযুধান, যাঁদের লড়াই এতদিন সীমাবদ্ধ ছিল শুধুই সোশ্যাল মিডিয়ার গণ্ডিতে। সেই গণ্ডি পেরিয়ে এখন রিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন মাস্ক ও জুকারবার্গ। প্রথমজনের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, দ্বিতীয়জনের ৬ ফুট ২ ইঞ্চি। মাস্কের ওজন ৮৫ কেজি ও জুকারবার্গের ওজন ৭৫ কেজি। বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেত্রে সামান্য সুবিধা পেতে পারেন মাস্ক। যদিও উচ্চতা এই লড়াইয়ে তেমন বড় ভূমিকা নেয় না।
নকআউট ফাইটক্লাবের মালিক মানান দাত্তাহ জানান, 'এমন লড়াইয়ে উচ্চতা বা যোদ্ধার দেহের গঠন গুরুত্বপূর্ণ ঠিকই কিন্তু এটাই শেষ কথা নয়। যোদ্ধার প্রশিক্ষণ ও মানসিকতার ওপরই নির্ভর করে লড়াইয়ের ভবিষ্যত।'
এই লড়াইয়ে বেশি করে কাজ করে যোদ্ধাদের বডি ল্যাঙ্গুয়েজ ও লড়াই ক্ষেত্রে তাঁদের আগ্রাসন। মানানের কথায়, 'লড়াইয়ের আগেই মাস্কের মধ্যে যে আগ্রাসন দেখা যাচ্ছে, তা থেকেই তাঁর মানসিকতা সম্পর্কে আন্দাজ পাওয়া যায়। এই মানসিকতা এগিয়ে রাখবে মাস্ককে।'
কেজ ফাইটের নিয়ম কী?
মার্শাল আর্টসের বিশেষজ্ঞদের মতে, এই লড়াইয়ে মেরুদণ্ড, কুঁচকি ও ঘাড়ে আঘাত করার কোনও অনুমতি নেই। এছাড়াও আঙুল দিয়ে চোখে আঘাত করা, বা দেহের সংবেদনশীল অংশে আঘাত আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
দু'মিনিটের এক একটা রাউন্ড হয়। সব রাউন্ড মিলিয়ে বিচারকরা সিদ্ধান্ত নেন, কে জিতবেন। অনেক লড়াই আবার নকআউট মাধ্যমেও শেষ হয়। যেখানে প্রতিপক্ষকে ঘুষি, লাথি মেরে শুইয়ে দেওয়া। এছাড়াও ট্যাপ আউট অবলম্বন করে জেতা সম্ভব। এমনভাবে প্রতিপক্ষকে লড়াইয়ের ময়দানে শুইয়ে ফেলে ধরে রাখতে হবে, যেখানে শেষ পর্যন্ত তাঁকে হার মানতে বাধ্য করবে। এখন দেখার মাস্ক ও জুকারবার্গের মধ্যে কে বাজিমাৎ করবেন।
কুমিরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এই শহরের মেয়র! সাদা গাউনে সেজে এলেন কনে, ভিডিও ভাইরাল