দ্য ওয়াল ব্যুরো : ২০১৫ সালে ব্রাজিলে হয়েছিল জিকা মহামারী। এবার রাজস্থানের জয়পুরে গত কয়েকদিনে ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ জন। এদেশে আর কখনও একসঙ্গে এত মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হননি । যদিও এখনও তাকে মহামারী বলতে রাজি নয় সরকার । কিন্তু আগামী দিনে আরও অনেকে এই রোগে আক্রান্ত হতে পারেন বলে বিশেষজ্ঞদের আশঙ্কা ।
মশার মাধ্যমে ছড়ায় এই রোগ। মহামারী বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে মশার জন্মানো বন্ধ করতে হবে। না হলে জিকায় আক্রান্তের সংখ্যা কমানো যাবে না । জয়পুরে রাজপুত হোস্টেলের তিন ছাত্র জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তারপরে হস্টেলের সব ছাত্রকে আলাদা রাখা হয়েছে।
জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হল জ্বর, মাথা ধরা, গায়ে র্যাশ বেরনো, কনজাংটিভাইটিস, গাঁটে ব্যথা ইত্যাদি। জিকা ভাইরাসবাহী মশার কামড়ালে দুই থেকে সাতদিনের মধ্যে শরীরে ওই রোগের লক্ষণ প্রকাশ পায়। মহামারী বিশেষজ্ঞরা বলছেন, আগামী সাত দিনে রাজস্থানে আরও অনেকের দেহে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেলে আশ্চর্য হওয়ার কিছু নেই।