
শেষ আপডেট: 20 February 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ দমদম পুরসভার ছ’নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগরে। সোমবার সকালে ওই যুবককে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, রাতে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ওই যুবককে পিটিয়ে মারা হয়েছে। যদিও রাত পর্যন্ত দমদম থানায় অভিযোগ দায়ের হয়নি।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম নয়ন সাহা (২৫)। মৃতের পরিবারের দাবি, ৬ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি ঊষা দেবনাথের স্বামী ও তাঁর দলবলই পিটিয়ে মেরেছে নয়নকে। যুবকের মৃত্যুর খবর পাওয়ার পরেই এলাকায় তুমুল অশান্তি শুরু হয়। উত্তেজিত জনতা পুর প্রতিনিধি ঊষা দেবনাথের স্বামী অভি দেবনাথের পার্টি অফিস ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় রয়েছে বিশাল পুলিশবাহিনী। জানা গেছে, নয়নের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ তাঁর দেহ আসতে পারে দমদমের বাড়িতে।
ঘটনার সূত্রপাত সোমবার সকালে। ৬ নম্বর ওয়ার্ডের এস পাল মাছবাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা বলছেন, নয়ন পেশায় অনলাইন ডেলিভারি কর্মী। ঘটনার দিন সকালে নয়ন খালপাড় এলাকায় যান। সেখানে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। দুপুর ৩টে থেকে ডিউটি ছিল তাঁর। এলাকার লোকজন বলছেন, ওই দোকানেই নয়নের উপর চড়াও হয় কয়েকজন। হামলাকারীরা কাউন্সিলারের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রের খবর। বেধড়ক পেটানো হয় যুবককে। পরে সঙ্কটজনক অবস্থায় নয়নকে হাসপাতালে ভর্তি করেন এলাকার লোকজনই। হাসপাতাল সূত্রে খবর, মাথা সহ শরীরে একাধিক জায়গায় গুরুতর আঘাত ছিল যুবকের।
নয়নের মৃত্যুর খবর পাওয়ার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, ৬ নম্বর ওয়ার্ড অফিসে ভাঙচুর চালান স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকাবাসীর দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই ঘটনা ঘটেছে। নয়নও তৃণমূল করত। তাঁকে দলের কাজ করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি। এরপরেই তাঁর উপর হামলার ঘটনা ঘটে। যদিও ঘটনায় গোষ্ঠীকোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দাবি, দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছে যুবকের। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।