
প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 December 2024 16:58
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসারত অবস্থায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ নেশামুক্তি কেন্দ্রে। ঘটনার প্রতিবাদে বীরভূমের বোলপুরের ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় পরিবারের লোকজনরা। এলাকায় ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মাস খানেক আগে ইলামবাজার থানার নাচনসা গ্রামের ২৬ বছরের বিক্রম হাজরা নামে ওই যুবক বোলপুরের রবীন্দ্রবিথি বাইপাসে একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হয়।
বৃহস্পতিবার সকালে পরিবারকে নেশামুক্তি কেন্দ্রের তরফে জানানো হয় বিক্রম অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরিবার শোনে বিক্রমের মৃত্যু হয়েছে।
নিহত বিক্রমের পরিবারের অভিযোগ, তাঁদের সন্তানকে নেশা ছাড়াতে সেন্টারে ভর্তি করা হয়। একমাস হয়ে গেলেও ছেলের সঙ্গে দেখা করতে দিত না কর্তৃপক্ষ। অভিযোগ, বিক্রমকে বেধড়ক মারধর করেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্নও রয়েছে।
ইতিমধ্যেই নিহত বিক্রমের দেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, কয়েকদিন আগে বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে একটি নেশামুক্তি কেন্দ্রে এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল। দক্ষিণ গড়িয়া এলাকা বাসিন্দা সৌরভ মণ্ডল বছর দেড়েক আগে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হন। তারপর থেকে সেখানেই থাকছিলেন। এই ঘটনার প্রতিবাদে ওই নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালিয়েছিল পরিবারের লোকজন।
তার পরপরই বারুইপুরের পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার আরেক নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন এক নাবালককে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে। দাবি করা হয়, উলঙ্গ করে রোগীকে প্রথমে জানলার সঙ্গে গামছা দিয়ে বাঁধা হয়েছিল। তারপর বেধড়ক মারধর করা হয়। যদিও ওই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ।