
শেষ আপডেট: 30 December 2023 13:10
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বলাগড়ে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহী এক যুবকের। ঘটনার পরেই তুমুল বিক্ষোভে উত্তপ্ত হল এলাকা। রাস্তা অবরোধ করে জনতা।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অনিমেষ দাস (২৭)। আরাজি ভবানীপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। ই-কার্টের ডেলিভারির কাজ করতেন । শনিবার সকালে বাইক নিয়ে বলাগড় থেকে জিরাটের দিকে যাচ্ছিলেন ওই যুবক। এস টি কে কে রোডের হাজরাপাড়া মোড়ে একটি পুলিশের গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
খবর পেয়েই রাস্তা নামেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় অবরোধ। পুলিশ এসে মৃতদেহ সরাতে গেলে বাধা দেওয়া হয়। পরে বিশাল বাহিনী এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিরাট হাসপাতালে নিয়ে যায়। গাড়িচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পরে উঠে যায় অবরোধ। ঘটনাস্থলে উপস্থিত হুগলি (গ্রামীণ) পুলিশের ডিএসপি ক্রাইম দেবীদয়াল কুণ্ডু বলেন, “পুলিশের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে।”