দ্য ওয়াল ব্যুরো: পিএফ নিয়মে বড় বদল আনতে চায় কেন্দ্রীয় সরকার। নতুন বিল পাশ হয়ে গেলে চাকরিজীবীদের বেতন না বড়লে হাতে আসবে বেশি টাকা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রক ইতিমধ্যেই পিএফ আইনে বদল আনার প্রস্তাব করেছে। সেখানে বলা হয়েছে বর্তমান হারের থেকে কম হারে পিএফ কাটা হবে সরকারি বা বেসরকারি কর্মীদের বেতন থেকে।
শ্রমমন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকার মেনে নিলে বতনে টেক হোম বেড়ে যাবে বলেই হিসেব। এখনকার পিএফ আইনে রয়েছে বেতনের ১২ শতাংশ কাটা হয় পিএফ বাবদ। একই হারে চাকরিজীবী ও চাকরিদাতার টাকা পিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। কিছু কিছু সংস্থার ক্ষেত্রে অবশ্য ১২ শতাংশের জায়গায় ১০ শতাংশ হারে টাকা দেওয়ার নিয়ম রয়েছে।
এখন সেই সব শিল্প ছাড়া বাকি সব জায়গাতেই কর্মীদের বেতন থেকে ১২% কেটে ইপিএফ খাতে জমা দেওয়া হয়। একই পরিমাণ টাকা জমা দেয় সংস্থাও। কেন্দ্র পিএফ আইন বদলের যে প্রস্তাব দিয়েছে, তাতে ওই ১২ শতাংশই কমিয়ে ১০% করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, সংশোধনী কার্যকর হলে ভবিষ্যতে সরকার স্রেফ বিজ্ঞপ্তি জারি করেই প্রভিডেন্ট ফান্ড খাতে দেয় টাকার অঙ্ক পরিবর্তন করতে পারবে। যে কোনও সময়। সে জন্য এখনকার মতো পিএফ আইন সংশোধন করতে হবে না।
এর ফলে এখনকার তুলনায় পিএফ খাতে জমা পড়বে কম টাকা। অবসরের সময়ে প্রাপ্তিও কমে যাবে। কিন্তু প্রতি মাসে নিয়মমাফিক ১২ শতাংশের বদলে ১০ শতাংশ বেতন কাটা যাওয়ায় বেতন বাবদ হাতে আসবে তুলনায় বেশি টাকা।