
শেষ আপডেট: 18 September 2023 11:33
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন আর্যা রাজেন্দ্রন। বছর তিনেক আগে মাত্র ২১ বছর বয়েসে তিরুঅনন্তপুরম পুরসভার মেয়র হয়ে নজর কেড়েছিলেন তিনি (Youngest Mayor Arya Rajendran)। সেই আর্যার বিয়ে নিয়েও কম আলোচনা হয়নি। কেরল বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য শচীন দেবকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। সেই আর্যা-শচীনের সংসারে এসেছে নতুন অতিথি। তাকে কোলে নিয়েই কাজে নেমে পড়েছেন আর্যা!
তিরুঅনন্তপুরমের মতো শহরের মেয়র তিনি (Thiruvananthapuram Mayor)। দায়িত্ব বিশাল। সেই দায়িত্ব থেকে দূরে থাকতে চান না আর্যা। সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হওয়া একটি ছবিকে কেন্দ্র করেই শুরু হয়েছে আলোচনা। সেই ছবিতে দেখা যাচ্ছে, আর্যা এক মনে ফাইলের পর ফাইল সই করছেন, রিভিউ করছেন। আর তাঁর কোলে রয়েছে ছোট্ট বাচ্চাটি। অনেকে যেমন আর্যাকে বাহবা দিয়েছেন, অনেকে আবার সমালোচনা করতেও ছাড়েননি (sparks debate)।
গত ১০ অগস্ট তিরুঅনন্তপুরমের এক হাসপাতালে আর্যা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সেই কারণে ছুটিতে ছিলেন তিনি। কিন্তু এদিকে তাঁর টেবিলে ফাইল জমে যাচ্ছে। এমন অনেক কাজ আছে, যা তাঁর সই ছাড়া হবে না। অন্যদিকে কেরলে ফের মাথাচাড়া দিয়েছে নিপা ভাইরাস। এহেন পরিস্থিতিতে নিজেকে আর ঘরে আটকে রাখতে পারেননি আর্যা।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ কেউ বলছেন, ব্যক্তিগত জীবন ও কর্মজীবন একসঙ্গে সামাল দেওয়ার অন্যতম সেরা উদাহরণ তৈরি করল আর্যা। অনেকে আবার বলছেন, কেরিয়ারের উচ্চাকাঙ্ক্ষার সামনে মাতৃত্ব কখনই বাধা হতে পারে না।
একদল মানুষ যখন আর্যাকে প্রশংসা ও আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন, তখন কেউ কেউ আবার সমালোচনাও করছেন। তাঁদের কথায়, উচ্চপদে থাকায় তিনি যে বিশেষ সুবিধা উপভোগ করছেন, তা একজন মজুরি শ্রমিক পান না। তাই এমন পরিস্থিতিতে ব্যক্তিগত ও কর্মজীবন একসঙ্গে সামলানো আর্যার মতো মহিলাদের জন্য যতটা সহজ অন্য অনেকের জন্য নয়।
যতই সমালোচনা হোক না কেন, একটা গোটা শহরের দায়িত্ব সামলানো যে মুখের কথা নয়, তা এক বাক্যে স্বীকার করছেন প্রায় সকলেই। তাই আর্যার চ্যালেঞ্জকে কোনও অংশে খাটো করে দেখতে নারাজ অনেকেই।
আর্যা এসএফআইয়ের সদস্য ছিলেন। কলেজ জীবন থেকেই রাজনীতি শুরু। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিরুঅনন্তপুরমের পুরসভা নির্বাচনে কেরলের শাসক দল সিপিএম তাঁকে প্রার্থী করে। ভোটে জেতেন আর্যা। দল ঠিক করে তাঁকেই মেয়র করা হবে শহরের। সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ২১ বছর বয়েসে গোটা শহরের দায়িত্ব নেন তিনি।
আরও পড়ুন: বুধবার সংসদে পেশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল, ইন্ডিয়া জোট দ্বিধাবিভক্ত