
শেষ আপডেট: 4 December 2024 11:40
দ্য় ওয়াল ব্যুরো: ফের সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু। এবার মারা গেলেন দমদমের এক তরুণী। সান্দাকফু থেকে ঘুরে টুমলিঙে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানা যায়নি তাঁকে।
মৃতার নাম অঙ্কিতা ঘোষ। দমদমের অশোকনগরের বাসিন্দা বছর ২৮ এর ওই তরুণী বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সান্দাকফু। মঙ্গলবার নেমে এসে টুমলিঙের একটি হোমস্টেতে ওঠেন। মধ্যরাতে আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন। সঙ্গে সঙ্গে বন্ধুরা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অঙ্কিতার বন্ধুরা জানান, সান্দাকফুতে সামান্য শারীরিক অসুবিধা হয়েছিল তাঁর। তবে তা সয়ে গিয়েছিল। মঙ্গলবার টুমলিঙে নেমে এসে একটি হোমস্টেতে ওঠেন। রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু মাঝরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা প্রথমে তাঁকে নিয়ে যান সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
শারীরিক পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়া হলে অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
নভেম্বর মাসেই দার্জিলিং থেকে সান্দাকফু ঘুরতে গিয়ে মারা গিয়েছিলেন এক পর্যটক। মৃত আশিস ভট্টাচার্য (৬৫) ছিলেন কলকাতার ভবানীপুর এলাকার বাসিন্দা। উচ্চতার জেরে রক্তচাপ এবং শ্বাসকষ্টের সমস্যায় ওই পর্যটক মারা যান বলে জানিয়েছিলেন ডাক্তাররা। ওই ঘটনার পরেই সান্দাকফু যাওয়ার আগে মেডিক্যাল টেস্ট বাধ্যতামূলক করার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দার্জিলিং জেলা প্রশাসন। ফের আরেক পর্যটকের মৃত্যু উদ্বেগ বাড়াল জেলা প্রশাসনের।