
শেষ আপডেট: 22 February 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: সিংহ-সিংহীর নামকরণ নিয়েও হাইকোর্টের কথা শুনতে হল রাজ্য সরকারকে। বেঙ্গল সাফারি পার্কের দুই সিংহের নাম যথাক্রমে আকবর ও সীতা। তা নিয়েই মামলা উঠেছিল।
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে সিঙ্গল বেঞ্চের বিচারপতি সৌগত অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল দেবজ্যোতি চৌধুরীর উদ্দেশে বলেন, “আপনাদের বিতর্ক এড়িয়ে যাওয়া উচিত ছিল। আমাদের রাজ্যে এমনিতেই নানান বিতর্কে জর্জরিত। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আরও কত বিতর্ক চলছে। সবাই পিছনে (পশ্চিমবঙ্গের) পড়ে গেছে। তাই বিতর্ক এড়াতে কোনও সিদ্ধান্ত নিলেই ভাল।”
বেঙ্গল সাফারি পার্কের সিংহের নাম আকবর। সিংহীর নাম সীতা। বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য শাখা আদালতে মামলা করে প্রশ্ন তুলেছে, সীতার নামে সিংহীর নামকরণ করা হবে কেন?
অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতকে জানান, ত্রিপুরা থেকে এই দুটি সিংহ আনা হয়েছিল বেঙ্গল সাফারি পার্কে। আগে থেকেই তাদের এরকম নামকরণ করা হয়েছিল।
কিন্তু বিচারপতি ভট্টাচার্য তাঁর উদ্দেশে বলেন, “আপনি কি আপনার কোনও পোষ্যর নাম হিন্দু দেবতা বা মুসলিম ধর্মগুরুর নামে রাখবেন? আমি মনে করি, আমাদের মধ্যে কাউকে যদি দায়িত্ব দেওয়া হত, আমরা কেউই সীতা বা আকবরের নামে নামকরণ করতাম না। আপনারা ‘বিজলি’ বা সেরকম কিছু নাম দিতে পারতেন। সীতা কেন? দেশের বিপুল সংখ্যক মানুষ সীতাকে পুজো করেন। আকবর একজন দক্ষ, সফল এবং ধর্মনিরপেক্ষ মোঘল সম্রাট ছিলেন। তাঁর নামে সিংহের নামকরণ করতে আমারও আপত্তি আছে।”
এ কথা বলে বিচারপতি রাজ্যকে বলেন, ওই দুই সিংহের নাম বদল করে নিতে। সেই সঙ্গে প্রশ্ন করেন, আপনার বাড়িতে কি কোনও পোষ্য কুকুর আছে?
অতিরিক্ত এজি জবাবে বলেন, হ্যাঁ আছে। তাদের নাম, টফি, টাফল আর থিও।
তা শুনে বিচারপতি বলেন, “এটা কি সুবিবেচকের মতো কাজ নয়! নইলে কালকেই সংবাদপত্রে বেরোত যে অতিরিক্ত এজির পোষ্যর নাম জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে। সুতরাং আপনি সরকার বলুন নাম বদলাতে, যাতে নজির তৈরি হয়।”