দ্য ওয়াল ব্যুরো : এখন রামমন্দির নির্মাণ শুরু করার পক্ষে অশুভ সময়। সেজন্যই রামমন্দিরের সঙ্গে যুক্ত অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন। এই মন্তব্য করে আপাতত রামমন্দির নির্মাণের সূচনা অনুষ্ঠান স্থগিত রাখতে বললেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। আগামী বুধবার অযোধ্যায় হবে ভূমিপূজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রামমন্দির নির্মাণের সূচনা হবে। তার দু'দিন আগে ভূমিপূজন স্থগিত রাখার আর্জি জানিয়ে টুইট করেছেন দিগ্বিজয়।
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় টুইটারে লিখেছেন, "মোদীজি, আপনি ভূমিপূজা করে আর কতজনকে হাসপাতালে পাঠাতে চান? যোগীজি দয়া করে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন। আপনারা কীভাবে সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘন করতে পারেন? কীসের বাধ্যবাধকতা আছে আপনাদের?"
পরে দিদ্বিজয় লিখেছেন, "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কি কোয়ারান্টাইনে থাকা উচিত নয়? কেবল সাধারণ মানুষই কি কোয়ারান্টাইনে যাবে? প্রধানমন্ত্রী যাবেন না?" তাঁর বক্তব্য, অনেকেই সতর্ক করে বলেছিলেন, ৫ অগাস্ট অশুভ দিন। ওই দিন ভূমিপূজন করবেন না। এক সন্তও এই নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু মোদীর সুবিধা হবে বলে ওই দিনটিতে ভূমিপূজন হবে বলে স্থির হয়েছে। দিগ্বিজয়ের প্রশ্ন, "মোদীর সুবিধা-অসুবিধা কি হাজার হাজার বছরের পুরানো হিন্দুধর্মের থেকে গুরুত্বপূর্ণ?" তিনি আর্জি জানান, "প্রভু রামকে লক্ষ লক্ষ হিন্দু ভক্তি করেন। দয়া করে প্রচলিত প্রথা ভাঙবেন না।"
অযোধ্যায় ২.৭৭ একর জমির ওপরে দাঁড়িয়েছিল ষোড়শ শতকে নির্মিত বাবরি মসজিদ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মীরা মসজিদটিকে ভেঙে ফেলে। তাদের বিশ্বাস, রামলালার জন্মস্থানের ওপরে ওই মসজিদ নির্মিত হয়েছিল।
উত্তরপ্রদেশে এখন করোনা রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৩। এরই মধ্যে শুরু হচ্ছে মন্দির নির্মাণের কাজ। আগে যে আয়তনের মন্দির তৈরি হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে মন্দিরের আকার হতে চলেছে তার দ্বিগুণ। গতবছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের রায়ে রামমন্দির নির্মাণের পথ তৈরি হয়। শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়, মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে শহরে পাঁচ একর জমি দিতে হবে।
করোনা সংকটের সময়ে রামমন্দিরের ভূমিপূজনের জমায়েত নিয়ে প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর সাফ কথা, এই সময়ে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভিডিও কনফারেন্স তথা ভার্চুয়াল ভূমিপূজন হতে পারত।