
শেষ আপডেট: 25 March 2022 14:57
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশে গত ৩৭ বছরে কেউ এই প্রথম টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন। স্বভাবতই গেরুয়া বসনকারী এই মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছে বিজেপি।
লখনউয়ের স্টেডিয়ামে আয়োজিত শপথ অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি সহ প্রথম সারির কেন্দ্রীয় মন্ত্রীরা।

গত ১০ মার্চ উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, ২০২২ এর ফলাফলই স্পষ্ট হয়ে গেল ২০২৪ সালের নির্বাচনের ভাগ্য। যেমন ২০১৭ সালে উত্তরপ্রদেশের ফলাফলের পর ২০১৯-এ কী হবে, তা বোঝা গিয়েছিল। অর্থাৎ ২০২৪-এ ফের সরকার গড়বে বিজেপি, এমনই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী।

মোদীর বক্তব্য বিরোধীরা নস্যাৎ করে দিলেও এদিন যোগীর শপথ অনুষ্ঠানে ২০২৪-এ কোমর বেঁধে লড়াইয়ের বার্তা দিয়েছে বিজেপি। মোদী-অমিত শাহদের সঙ্গেই মঞ্চে ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। যোগীর শপথ অনুষ্ঠান কার্যত ২০২৪-এর লড়াইয়ের সূচনা হিসেবে তুলে ধরে বিজেপি।

যোগীর মন্ত্রিসভায় এদিন ৫২ জন মন্ত্রী শপথ নিয়েছেন। তার মধ্যে ১৮ জন পূর্ণমন্ত্রী, ১৪ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ২০ জন প্রতিমন্ত্রী। যোগীর পরে বাকি মন্ত্রীরা একসঙ্গে দু'জন করে শপথ গ্রহণ করেন। তাঁদের শপথ পাঠ করান রাজ্যপাল তথা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল।

প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী মিলিয়ে তিন গুজরাতির উপস্থিতি কাকতালীয় হলেও তা ভিন্ন মাত্রা দেয় নয়া রাজনৈতিক জল্পনা। তা হলো, মোদীর উত্তরসূরি কে, যোগী, নাকি অমিত শাহ? উত্তরপ্রদেশে অভাবনীয় সাফল্য লাভের পর জাতীয় রাজনীতিতেও যোগী প্রাসঙ্গিক হয়ে উঠলেন এবং দলে অমিত শাহ তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, এই চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরে।
কেষ্ট-কুণাল জোর তরজা, তৃণমূল মুখপাত্রের কথা শুনে অনুব্রত বললেন, ‘কে কুণাল’?