
শেষ আপডেট: 21 July 2019 20:55
গুলিচালনা ও গণহত্যার ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রামপ্রধান, তাঁর ভাই সহ অভিযোগ আনা হয়েছে ৭৮ জনের বিরুদ্ধে।
এই ঘটনা ঘটার পরে প্রিয়াঙ্কা টুইট করেছিলেন, “বিজেপি-শাসিত রাজ্যগুলিতে অপরাধীদের রমরমা ক্রমেই বাড়ছে। দিনের আলোয় খুনখারাবি হচ্ছে। সোনভদ্রে তিন মহিলা-সহ দশ জনের হত্যা মেনে নেওয়া যায় না। প্রশাসন ঘুমোচ্ছে। এভাবেই নাকি রাজ্যটা অপরাধ-মুক্ত হবে!” এর পরে, আজ রবিবার সোনভদ্রে যান যোগী আদিত্যনাথ। ক্ষতিপূরণও ঘোষণা করেন নিহতদের পরিবারগুলিকে। এর পরেই যোগীর প্রতি কড়া আক্রমণ শানিয়ে প্রিয়াঙ্কা বলেন, "মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সোনভদ্র পরিদর্শনকে স্বাগত জানাচ্ছি। যদিও অনেক দেরি হয়ে গিয়েছে। তবুও দুর্গতদের পাশে দাঁড়ানো উচিত সরকারের। নিজের কর্তব্য সম্পর্কে অবহিত হওয়াটা ভালো। দীর্ঘ সময় ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে উমভা। আশা করি উমভাবাসী বিচার পাবেন ও তাঁদের পাঁচ দফা দাবি পূর্ণ হবে।" এর পরে ফের আক্রমণের সুর আরও খানিক চড়িয়ে প্রিয়াঙ্কা বলেন, "যখন উমভার নিহতদের সমর্থনে কয়েক হাজার কংগ্রেস কর্মী রুখে দাঁড়িয়েছেন, তখন উত্তরপ্রদেশ সরকার বুঝতে পেরেছে, যে এটা একটা গুরুতর বিষয়। আজকের ঘোষণা দ্রুত বাস্তবায়িত হোক। আদিবাসীদের ওই জমির মালিকানা দিতে হবে। আর গ্রামবাসীদের নিরাপত্তাও দিতে হবে।"