
শেষ আপডেট: 18 July 2022 08:25
দ্য ওয়াল ব্যুরো: পুরসভার ময়লার গাড়িতে (Garbage) আবর্জনার স্তূপে একবারে উপরের দিকে জ্বলজ্বল করছিল যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ছবি। নজরে পড়ে এক পথচারীর। দৌড়ে এসে বলে, এ কী! এতো মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি। পুরকর্মী সঙ্গে সঙ্গে সেটি তুলে নিজের হাতে নেন।
এদিকে ততক্ষণে সেই ময়লার গাড়ি ঘিরে ভিড় জমে গিয়েছে। ভিড়ের মধ্য থেকে একজন ময়লা ঘেঁটে বের করেন নরেন্দ্র মোদীর ছবি। মেলে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালামের ছবিও।
রবিবার দুপুরে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। হইহই পড়ে যায় তাতে। দাবি ওঠে এখনই বরখাস্ত করতে হবে ওই পুরকর্মীকে। কেউ কেউ পাল্টা প্রশ্ন তোলেন, নিরীহ, অল্প শিক্ষিত পুরকর্মীকে কেন বরখাস্ত করা হবে? উনি তো ঠিক কাজই করেছেন। যারা ফটোগুলি রাস্তায় ফেলেছে খুঁজে বের করা হোক তাদের।
পুর কর্তৃপক্ষ অবশ্য কালক্ষেপ করেনি। ছুটির দিনে অফিস খুলে ওই পুরকর্মীকে বরখাস্তের নির্দেশ (worker sacked) জারি করেছেন অতিরিক্ত পুর কমিশনার।
ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরার। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি এবং পুরসভার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক এখনও থামেনি। প্রশ্ন উঠেছে, বিশিষ্টজনের বাতিল ছবি কি আবর্জনার মধ্যে পড়ে না। তাঁদের ছবি যদি রাস্তায় গড়াগড়ি খেলে পুরকর্মীরা কি সেগুলি বুকে জড়িয়ে বা মাথায় বয়ে আনবে?
৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা বনগাঁয়! প্রৌঢ়কে হাতেনাতে ধরে পুলিশে দিল প্রতিবেশীরা