দ্য ওয়াল ব্যুরো : বেঙ্গালুরুতে এক রাসায়নিক কারখানার বয়লার ফেটে শুক্রবার অনেকে গুরুতর আহত হয়েছেন (bengaluru blast)। কারখানার আশপাশে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে। কারখানাটি বেঙ্গালুরুর অদূরে আত্তিবেলে অঞ্চলে অবস্থিত। এই নিয়ে পরপর দু'দিন বিস্ফোরণ হল বেঙ্গালুরুতে।
বৃহস্পতিবার বেঙ্গালুরুর নিউ থারাগুপেট এলাকায় বৃহস্পতিবার একটি গুদামে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। জখম হন চারজন। একটি পাংকচার দোকানের পাশে ট্রান্সপোর্ট গোডাউনে বিস্ফোরণ হয় বলে জানান বেঙ্গালুরু সাউথ ডেপুটি কমিশনার অব পুলিশ হরিশ পান্ডে। কোনও রাসায়নিকের প্রভাবে বিস্ফোরণ হয়েছে। ৮০ বাক্স বিস্ফোরক সেখানে মজুত রাখা ছিল। তার মধ্যে ক'টিতে বিস্ফোরণ হয়েছে, খতিয়ে দেখতে হবে, বলেন তিনি। নিহতদের একজন মজুর, বাক্সগুলি তিনি দেখভাল করছিলেন, বিস্ফোরণের জেরে তার মারাত্মক অঙ্গহানি হয়েছে বলে জানান পুলিশকর্তা।
পুলিশ জানায়, বাক্সগুলি নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণ হয়েছে বলে মনে হচ্ছে। তবে ফরেনসিক টিম এসে দেখলেই প্রকৃত কারণ বোঝা যাবে। সেইসঙ্গে জানান, সিলিন্ডার বা বাজি বিস্ফোরণ বা শর্ট সার্কিট বিস্ফোরণ, কোনওটাই হয়নি। কোনও কম্প্রেসরের টুকরোও ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিস্ফোরণের উত্স খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, গুদাম ঘরটি একটি ট্রান্সপোর্ট কোম্পানির। ঘরটি অস্থায়ী গোডাউন হিসাবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে বিস্ফোরক রাখার কথাই নয়। বিস্ফোরণের জেরে আগুন ধরে গিয়েছিল। তবে তা পরে নিয়ন্ত্রণে আসে।