
শেষ আপডেট: 28 July 2023 17:48
দ্য ওয়াল ব্যুরো: সেই কবে থেকে কলকাতার রাস্তায় রয়েছে হলুদ ট্যাক্সি (Yellow Taxi)। এক সময় এই ট্যাক্সির চাহিদা ছিল তুঙ্গে। তবে অ্যাপ ক্যাবের যুগে কোথাও গিয়ে যেন ধাক্কা খেয়েছে এই হলুদ ট্যাক্সির চাহিদা। তাই সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির হাত ধরে কলকাতার চির পরিচিত হলুদ ট্যাক্সিতেও এল বদল। এবার থেকে অ্যাপের মাধ্যমে বুক করা যাবে ট্যাক্সি!
হাওড়া স্টেশনে (Howrah Station) বাইরে এখনও চোখে পড়ে হলুদ ট্যাক্সির লম্বা লাইন। রাজ্য সরকার এইসব ট্যাক্সিতে প্রিপেইড পরিষেবা চালু করে। এবার সেই নিয়মেও বদল আনা হল। 'যাত্রী সাথী' (Yatri Sathi) অ্যাপের মাধ্যমে আপনি বুক করতে পারবেন হলুদ ট্যাক্সি!
সবে শুরু হয়েছে এই পরিষেবা। যাত্রীদের মধ্যে অনেকেই এখন এই অ্যাপ সম্পর্কে জানেন না। অনেকের মোবাইলেই নেই অ্যাপটি। তাই প্রথম প্রথম যে একটু সমস্যা হচ্ছে, তা মেনে নিচ্ছেন বুথের কর্মীরা।
এক বুথ কর্মীর কথায়, 'সবে এই পরিষেবা চালু হয়েছে। অনেকেই এখনও পরিষেবাটি সম্পর্কে অবগত নন। তবে আশা করছি খুব তাড়াতাড়ি যাত্রীরা এই পরিষেবা সুফল বুঝতে পারবেন। তখন আর কোনও সমস্যা থাকবে না।'
নতুন পরিষেবা প্রথম প্রথম যে সমস্যার কারণ হচ্ছে সেটা মানছেন যাত্রীরাও। তাঁদের কথায়, অনেকেই অ্যাপ বা এইসব প্রযুক্তি সম্পর্কে সড়গড় নন। ব্যস্ত সময়ে তাই ট্যাক্সি পেতে অসুবিধা হচ্ছে। তবে প্রিপেইড বুথের লম্বা লাইন ঠেলার যুক্কি যে দূর হবে সেটাও মানছেন যাত্রীরা। সেইসঙ্গে অ্যাপ ক্যাবের জন্য যে বাড়তি পার্কিং খরচ গুনতে হত, সেই ঝঞ্ঝাটও থাকছে না।
সব নদীই নাকি সাগরে মেশে! তাই আলিপুরদুয়ারের চার কিশোর বেরিয়ে পড়ল নৌকো নিয়ে