
শেষ আপডেট: 18 July 2022 05:11
দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) জন্য ভোটগ্রহণ চলছে। সকাল ১০ টায় শুরু হয়েছে ভোট। রবিবার রাতেও ভোট নিয়ে প্রচারে ব্যস্ত ছিলেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। শাসক দল বিজেপির বিধায়ক, সাংসদদের উদ্দেশে বিরোধী প্রার্থী যশবন্তর আর্জি, 'দল নয়, ভোট দিন বিবেকের ডাকে।'
আরও বলেছেন, 'নিজেকে প্রশ্ন করুন, এই বিজেপি কি সেই বিজেপি যা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিরা গড়ে তুলেছিলেন।
যশবন্ত বলেছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহরা বিজেপিকে গ্রাস করেছেন। দলকে বিপথে চালিত করছেন। দেশ তাঁদের হাতে বিপন্ন।
যশবন্ত এনডিএ প্রার্থী দ্রৌপদী মূর্মুকেও (Draupadi Murmu) আক্রমণ করেছেন শেষ মুহূর্তে। বলেছেন, উনি দেশের রাষ্ট্রপতি হওয়ার নির্বাচনে লড়ছেন। অথচ দেশবাসীকে জানালেন না কী তাঁর এজেন্ডা। আমি কিন্তু প্রকাশ্যে শপথ করেছি। বলেছি, সংবিধান লঙ্ঘন হলে প্রতিবাদ করব। উনি সেই শপথ করেননি।

যশবন্তের এই আর্জিতে গেরুয়া শিবিরের কেউ সাড়া দেন কিনা তা সময় বলবে। তবে, তাঁর আর্জি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, হার নিশ্চিত জেনে বিজেপির প্রাক্তনী যশবন্ত ছেড়ে আসা দলে ভাঙন ধরিয়ে নৈতিক জয় হাসিল করতে চাইছেন।
বিজেপির ভোটারদের উদ্দেশে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার বিদেশ মন্ত্রী যশবন্ত বলেছেন, 'আমি জানি, দলের সঙ্গে আপনারা অনেকে মানিয়ে নিতে পারছেন না। জয়-পরাজয় পরের কথা, এই সুযোগ নেতাদের সমঝে দেওয়ার। দলের স্বার্থেই তাই বিবেক ভোট দিন।'

যশবন্ত বলেছেন, 'আজ, আমি বিজেপি ভোটারদের কাছে একটি বিশেষ আবেদন করতে চাই। আমিও একসময় আপনাদের দলেই ছিলাম। দুঃখের সঙ্গে বলতে চাই, অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে যে দলটি গড়ে তোলা হয়েছিল সেটি আজ মৃত। এখন এক দুজন নেতার অধীনে, একটি সম্পূর্ণ ভিন্ন, অধঃপতিত পার্টি, চলছে।'
শেষ করেছেন এই বলে, 'আমি নিশ্চিত আপনারা অধিকাংশই আগের এবং এখনকার পার্টির ফারাকটা বোঝেন এবং বিলাপ করেন। এই নির্বাচনটি অত্যন্ত প্রয়োজনীয় বিজেপিকে সংশোধনের জন্য। এটাই আপনার শেষ সুযোগ। আমার নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে আপনি বিজেপি এবং দেশের গণতন্ত্র রক্ষায় একটি জরুরি পদক্ষেপ করতে পারেন।'
আজ ধনকড়ের মনোনয়ন পেশের সময় পাশে থাকতে নবীন ও জগনকে ফোন মোদীর