
শেষ আপডেট: 6 May 2023 11:08
দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের কথা। ক্রিকেটার সঞ্জু স্যামসন (Sanju Samson) গিয়েছেন ফুচকা খেতে। একটি অল্পবয়সী ছেলে ফুচকা বিক্রি করছে। সঞ্জুকে চিনতে পেরে সলজ্জে জানায়, 'ভাইয়া, আমিও ক্রিকেট খেলি। আপনি আমার ব্যাটিং দেখবেন?'
রাজি হয়ে যান সঞ্জু। তারপরের ঘটনা গল্পের মত। ফুচকাওয়ালা ছেলেটির (Yashasvi Jaiswal) ব্যাটিং দেখে তিনি এতটাই মুগ্ধ হ'ন যে, শেষে 'রাজস্থান রয়্যালস' অধিনায়ক স্টিভ স্মিথকে গিয়ে বলেন ছেলেটির কথা।
তিন বছর পর, ২০২৩ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে প্রায় তুফানি ব্যাট করে ৬২ বলে ১২৪ রান তোলে সেই ছেলে। এবারের আইপিএলের সেরা আবিষ্কার, যশস্বী জয়সওয়াল।
গল্পের মত, তাই না? এরকমই নানা পোস্ট নামে বেনামে চানাচুরের মত ঘুরছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দলে দলে লোকজন এটি ফরোয়ার্ড করছেন। কিন্তু একটি সর্বভারতীয় ইংরেজি ওয়েব প্ল্যাটফর্ম রীতিমত তথ্যপ্রমাণ দিয়ে দেখিয়েছে, এটি গল্পই। এরকম কোনও ঘটনাই আদতে ঘটেনি।

পুরোটা অবশ্য গল্প নয়। যশস্বী জয়সওয়ালের জন্ম উত্তরপ্রদেশে, ২০০১ সালের ২৮ ডিসেম্বর। মাত্র ১২-১৩ বছর বয়সে ক্রিকেটার হবার স্বপ্ন নিয়ে মুম্বই আসে খুদে যশস্বী। তীব্র অর্থকষ্ট, প্রায় কিছু ছিল না বললেই চলে। মুম্বইয়ের আজাদ ময়দানে হাজার হাজার খুদে স্বপ্নের ভিড়ে সামিল হয়েছিল ছোট্ট যশস্বীও। শতবর্ষ পার করা বম্বে জিমখানার এই মাঠেই মুম্বই ক্রিকেটের বহু মণিমাণিক্য তৈরি হয়েছে। ১৯৮৭ সালে সচিন তেন্ডুলকর-বিনোদ কাম্বলির মহাজাগতিক ৬৬৪ রানের যুগলবন্দি আজও ইতিহাসে অক্ষয়। ২০১৩ সালে পৃথ্বী শ' করেছিলেন ৫৪৬! মোট ২২ টি ক্রিকেট ক্লাবের পিচ আছে এখানে। যশস্বীর অনুশীলনও শুরু হয় এখানে।
কিন্তু এতে তো পেট চলবে না। তাই ওইটুকু বয়সেই সারাদিনের প্র্যাকটিসের পরে ফুচকা বিক্রির কাজ শুরু করে সে।
আইপিএল ফাইনালের মঞ্চে মুক্তি পাবে ‘জওয়ান’-এর ট্রেলার! চেনা ছকভাঙা ছবির প্রচারে শাহরুখ
যশস্বীর এই তথাকথিত 'সঞ্জু স্যামসন' মুহূর্ত আসে অনেক পরে, কিন্তু তখন সঞ্জু স্যামসন ছিলেন না। মুম্বই ঘরোয়া ক্রিকেটে প্রশিক্ষক জ্বালা সিংহ যশস্বীকে কার্যত আবিষ্কার করেন। প্রায় আইন মেনে নিজের সন্তানের মত দেখাশোনা করে তিনি নিশ্চিত করেন, যাতে যশস্বী খেলার দিকে সম্পূর্ণ মনযোগ দিতে পারে। পরিশ্রমের ফলও মেলে হাতেনাতে। মাত্র ১৭ বছর বয়সে যশস্বী জয়সওয়ালকে বেছে নেয় রঞ্জি ট্রফির ইতিহাসে ৪১ বারের চ্যাম্পিয়ন, ইতিহাসবিখ্যাত মুম্বই ক্রিকেট দল। যশস্বী সেইবারে নবীনতম ক্রিকেটার হিসেবে দ্বিশতরান করে রেকর্ড তৈরি করে দেন।

আর ফিরে তাকাতে হয়নি। পরের বছরই বিসিসিআইয়ের তরফে তাঁকে অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপের জন্য বাছা হয়। তবে তাঁর আসল সুযোগ আসে তার পরের ২০২০ অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার পচেস্ত্রমে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রান তোলেন তিনি। সেবারেই আইপিএলে রাজস্থান রয়্যালস আড়াই কোটি টাকা দিয়ে তাঁকে কিনে নেয়।
অর্থাৎ, রাজস্থান রয়্যালসে ডাক পাওয়ার বহু আগে থেকেই যশস্বী খেলছেন দেশের হয়ে, জিতিয়েছেন বেশ কয়েকটি ম্যাচ, করেছেন শতরান। ফলে সঞ্জু স্যামসনের যশস্বীকে ব্যাটিং দেখে রাজস্থান রয়্যালসে সুযোগ দেওয়ার গল্প যতই দারুণ লাগুক শুনতে, আদতে এটা 'ফেক নিউজ'-ই। আর ভুয়ো খবর থেকে তো আমাদের সবসময়েই দূরে থাকতে হবে।
মুম্বইয়ের হোটেলের খাবার নিয়ে বেজায় চটেছেন ঝুলন, টুইটে জানালেন ক্ষোভ