
শেষ আপডেট: 22 January 2023 13:03
দ্য ওয়াল ব্যুরো: যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগে ভারতীয় ক্রীড়া জগত সরগরম। কেন্দ্রের নির্দেশের পরই বাতিল হয়ে গেল জাতীয় কুস্তি সংস্থা বা রেসলিং ফেডারেশনের বৈঠক। এমনিতেই কুস্তির সমস্ত প্রতিযোগিতা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত কুস্তি সংক্রান্ত সবকিছুই বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।
জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন বিজেন্দ্র সিং, ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা। ভারতীয় কুস্তিগিরদের বিক্ষোভে (Wrestler Protest) উত্তাল হয়ে উঠেছিল রাজধানী। যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন ভিনেশ ফোগতরা।
তবে শনিবার কেন্দ্রের আশ্বাস পাওয়ার পরেই বিক্ষোভ তুলে নিয়েছেন তাঁরা। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের বাড়িতে মোট সাত ঘণ্টা ধরে সভা হয় দেশের নামী কুস্তিগিরদের নিয়ে। তাঁদের থেকে মত নিয়ে ব্রিজভূষনকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে শুক্রবার ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পি টি ঊষা, কুস্তিগিরদের অভিযোগ নিয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটিতে আছেন বাংলার তীরন্দাজ দোলা বন্দোপাধ্যায়। তাঁরা সাত দিনের মধ্যে রিপোর্ট দেবেন।
এদিকে বুধবার থেকে ভারতীয় কুস্তিতে যে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছে, তা নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছিল রবিবার। উত্তরপ্রদেশের অযোধ্যায় এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রের নির্দেশের ফলে সেই বৈঠক এখন হচ্ছে না বলে জানিয়ে দিল ফেডারেশন।
ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতি ভারতের! নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেই কি শীর্ষে রোহিতরা