
শেষ আপডেট: 7 June 2023 07:29
দ্য ওয়াল ব্যুরো: বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা বুধবার সকালে পৌঁছে গেলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বাড়িতে। সঙ্গে রয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।
মঙ্গলবার বেশি রাতে অনুরাগ টুইট করেন। বলেন আন্দোলনরত কুস্তিগিরদের সঙ্গে আমি আলোচনা করতে চাই। আমার আমন্ত্রণ রইল। বুধবার সকালে প্রথমে ক্রীড়ামন্ত্রীর বাড়ি পৌঁছে যান বজরং। সঙ্গে ছিলেন টিকায়েত। কিছু সময় পরে বৈঠকে যোগ দেন সাক্ষীও।
গত শনিবার গভীর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুনিয়া, সাক্ষীরা। সেই বৈঠকের খবর গোপন রেখেছিলেন দুই কুস্তিগির। সোমবার সকালে বৈঠকের খবর জানাজানি হতে পুনিয়া বলেন, শাহ কথা দিয়েছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়া হবে। কিন্তু বিজেপি সাংসদ ব্রিজভূষণকে গ্রেফতারের দাবি নিয়ে আলোচনার কী হল, সেই প্রসঙ্গ এড়িয়ে যান। পরে দেখা যায়, আন্দোলনের মুখ পুনিয়া, সাক্ষীরা যে যাঁর কর্মক্ষেত্রেও ফিরে গিয়েছেন।
শাহের বৈঠকের পরই সক্রিয় হন ক্রীড়ামন্ত্রী অনুরাগ। প্রশ্ন হল, ব্রিজভূষণের বিরুদ্ধে যে ধরনের যৌন হেনস্থার অভিযোগ আছে তাতে দিল্লি পুলিশের পদক্ষেপ করার কথা। তাঁরা এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি। তাঁকে কুস্তি ফেডারেশনের পদ থেকে সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া ছাড়া ক্রীড়ামন্ত্রীর কিছুই করণীয় নেই। সেটা কুস্তিগিরদের অন্যতম দাবি। যদিও ব্রিজভূষণ এখন ক্ষমতাহীন সভাপতি। কুস্তি ফেডারেশনের সংবিধানে বলা আছে, গুরুতর অভিযোগ থাকলে পদাধিকারীরা সংস্থার হয়ে কোনও দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে ব্রিজভূষণকে সরিয়ে দিলে বা তিনি সরে গেলে তা আন্দোলনকারীদের বড় জয় বলা যাবে না।
তবে শাহের কথা মতো দ্রুত চার্জশিট পেশ করার পর আদালত ব্রিজভূষণকে গ্রেফতারের নির্দেশ দিতে পারে। সেক্ষেত্রে তাঁর গ্রেফতারি এড়ানো কঠিন। ইতিমধ্যে নাবালিকা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে।
টনক নড়ল অবশেষে! কুস্তিগিরদের সঙ্গে কথা বলতে চাইলেন মোদীর ক্রীড়ামন্ত্রী