
শেষ আপডেট: 18 March 2023 08:16
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে সেরে ফেললেন বিশ্বের সবথেকে খাটো বডিবিল্ডার (World's Shortest Bodybuilder) প্রতীক ভিত্তল মোহিতে। ৩ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই যুবক তাঁর দীর্ঘদিনের বান্ধবী জয়াকে বিয়ে (marry) করেছেন দিনকয়েক আগেই। জয়ার উচ্চতার প্রতীকের কাছাকাছিই, ৪ ফুট ২ ইঞ্চি। উল্লেখ্য, ২০২১ সালে 'বিশ্বের সবচেয়ে কম উচ্চতার বডিবিল্ডার (পুরুষ)' বিভাগে জিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছিলেন প্রতীক।
মহারাষ্ট্রের বাসিন্দা ২৮ বছর বয়সি এই বডিবিল্ডারের সঙ্গে চার বছর আগে আলাপ হয়েছিল জয়ার। বর্তমানে তাঁর বয়স ২২ বছর। তখন থেকেই দু'জনের প্রেমের শুরু। এরপর টানা চারবছর প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দু'জন। সম্প্রতি প্রতীক ইনস্টাগ্রামে তাঁর বিয়ের দিনের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁকে একটি উঁচু বক্সের উপর উঠে গানের তালে তালে নাচতে দেখা যাচ্ছে।
পোস্ট করা হয়েছে বিয়ের দিনের বেশ কয়েকটি ছবিও। সেখানে পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে নবদম্পতিকে। বিয়ের আগে গায়েহলুদের ভিডিও-ও পোস্ট করেছেন প্রতীক। যেখানে আনন্দ, হইহুল্লোড়ে মেতে উঠতে দেখা গিয়েছে তাঁর বাড়ির সদস্যদের।
উল্লেখ্য, প্রতীক ভিত্তল মোহিতে ২০১২ সালে তাঁর বডিবিল্ডিং কেরিয়ার শুরু করেছিলেন। প্রাথমিকভাবে নিজের শারীরিক গঠনের কারণে ব্যায়াম করতে এবং সেই সরঞ্জামগুলি ধরতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল তাঁকে। তবে এত প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতীক হাল ছাড়েননি এবং জিমে কঠোর পরিশ্রম করেছেন। আর সেই পরিশ্রমের ফসল হিসাবেই আজ তাঁর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
জনপ্রিয় ইউটিউবার গ্রেফতার! পরিযায়ী শ্রমিকদের মার খাওয়ার ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ