
শেষ আপডেট: 21 March 2022 14:10
দ্য ওয়াল ব্যুরো: মোটরবাইক চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহারে সচেতনতা বাড়াতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করল কলকাতা পুলিশ। ‘ওয়ার্ল্ড হেড ইনজুরি অ্যাওয়ারনেস ডে’ (World Head Injury Awareness Day) য়ে ওই বৈঠকে কলকাতা পুলিশের পদস্থ অফিসাররা ছিলেন। তাঁরা জানান, দু–চাকার চালক ও আরোহীকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং হেলমেট (Helmet) পরতে হবে।

কলকাতা পুলিশের ট্রাফিকের ডেপুটি পুলিশ কমিশনার অরিজিৎ সিনহা বৈঠকে বলেছেন, ‘সড়ক দুর্ঘটনায় বেশিরভাগ প্রাণঘাতী ঘটনা বাইকারদের সঙ্গে ঘটে। এবং ২৫ শতাংশ মৃত্যুর কারণ হেলমেট ছাড়া চালানোর জন্য হয়। তাঁর বক্তব্য, ‘গত বছরের তথ্য অনুযায়ী ৬৯টি দুর্ঘটনার মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র হেলমেট না থাকার জন্য।’
আসক্তিকে সৃজনশীলতায় পরিণত করতে স্মার্টফোনে সিনেমা তৈরির কর্মশালা সুন্দরবনের স্কুলে
পার্ক নিউরোসায়েন্স, অ্যাসোসিয়েশন অফ নিউরোসায়েন্টিস্টস অফ ইস্টার্ন ইন্ডিয়া এবং কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ দ্বারা আয়োজিত ওই বৈঠকে অরিজিৎ সিনহা আরও বলেন, ‘এমন কিছু পরিবারের দৃষ্টান্ত রয়েছে, যেখানে একটি ছেলে আইআইটি-তে পড়তে যাওয়ার আগের দিন দুর্ঘটনার সম্মুখীন হন এবং গত চার বছর ধরে কোমায় ছিলেন। বিষয়টি পুলিশিংয়ের মাধ্যমে সমাধান করা যাবে না। সবাইকে সচেতন হতে হবে। হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে নাকা চেকিং করে জরিমানা করলে পুলিশ সমালোচনার মুখে পড়ে। আপনারা হয়ত দেখেছেন, সম্প্রতি জরিমানা বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় মতামত এসেছে। এর উদ্দেশ্য নাকি সরকারের জন্য রাজস্ব বাড়ানো।’
কলকাতার পার্ক ক্লিনিকের নিউরোসার্জারি বিভাগের প্রধান সন্দীপ চ্যাটার্জি বলেন, ‘মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে হবে শুধু আইনের জন্য নয়, কারণ এটিই একজন মোটরসাইকেল চালকের মাথা ও মস্তিষ্ক রক্ষা করার একমাত্র উপায়। একটি আইএসও সার্টিফায়েড হেলমেট ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ।’
অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজির (বিআইএন) বিভাগের প্রধান গৌতম গাঙ্গুলি, হেলমেট পরার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।