দ্য ওয়াল ব্যুরো : ধর্ষণ করার চেষ্টা করে লাভ হয়নি, তাই কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের পিলিভিটের হরকিশনাপুর গ্রামের এই ঘটনায় ২৪ বছরের বৌদি তাঁর ২৫ বছরের দেওরের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। গত ১১ই জুন এই ঘটনা ঘটেছে, দেহের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল ওই যুবতীর। বেরিলির একটা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ঘটনার দু’মাস পরে শনিবার তিনি প্রথম কথা বলতে পেরেছেন।
রবিবারই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই যুবতীর ভাই। হাফিজগঞ্জে আত্যাচারিতার ভাই থাকেন। তিনি নেউরিয়া থানায় লিখিত এই অভিযোগ জানান। ২০১৬ তে তাঁর দিদির বিয়ের পর থেকেই, ওঁর দেওরের কুনজর ছিল তাঁর উপরে। বারবার তিনি তাঁর স্বামীকে সে কথা জানালেও কোনও লাভ তো হয়নি, বরং উল্টে বকাঝকা করা হয়েছে ওই যুবতীকে। গত জুনের এই ঘটনার পর দু মাস কেটে গেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করতে। কারণ মৃত্যুর সাথে লড়াই করছিলেন, দেহের ৮০ শতাংশ পুড়ে যাওয়া এই যুবতী। নেউরিয়া থানার পুলিশ আধিকারিক বিরজা রাম বলছেন, অভিযুক্তের বিরুদ্ধে ৩০৭ অর্থাৎ হত্যার চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। খুব তাড়াতাড়িই তাকে গ্রেফতার করা হবে বলে জানাচ্ছেন তিনি।