শেষ আপডেট: 18 January 2019 00:59
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশীর সঙ্গে বচসা, তার জেরে হাতাহাতি, শেষমেষ ছুরির কোপ। এই নৃশংস ঘটনায় প্রাণ হারাতে হল এক মহিলাকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলার স্বামী এবং ছেলেও।
পুলিশ জানিয়েছে, পশ্চিম দিল্লির খায়ালা এলাকার এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী পলাতক। স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ স্থানীয় বাজার থেকে জিনিসপত্র কিনে ফিরছিলেন সুনীতা এবং তাঁর প্রতিবেশী মহম্মদ আজাদ। ফেরার সময়ে রাস্তায় হঠাৎই বচসায় জড়িয়ে পড়েন তাঁরা দু'জন। এর পরে বাড়ি চলে আসেন সুনীতা।
বাড়ি ফিরে ছেলে আকাশকে সমস্ত ঘটনা খুলে বলেন সুনীতা। এর পরেই ১৮ বছরের আকাশ রেগে যায়। সে আচমকা আজাদের বাড়ির সামনে গিয়ে চিৎকার করে গালিগালাজ করতে থাকে। তখনই মারপিট বেঁধে যায় আকাশ এবং আজাদের মধ্যে। ছেলে এবং পড়শির মারামারি দেখে থামাতে যান আকাশের বাবা বীরু।
অভিযোগ, তখনই একটি ছুরি নিয়ে এসে দু’জনকে কোপাতে শুরু করে আজাদ। ছেলে–স্বামীকে এলোপাথাড়ি ছুরি মারা হচ্ছে দেখে তাঁদের বাঁচাতে ছুটে আসেন সুনীতা। কিন্তু তাঁকেও কোপায় অভিযুক্ত। তখনই ঘটে যায় অঘটন। ছুরির কোপে ফিনকি দিয়ে রক্ত ছোটে সুনীতার। লুটিয়ে পড়েন তিনি।
এর পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আজাদ। পাড়াপ্রতিবেশী খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা সুনীতাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু'জন গুরুতর আহত। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। পলাতক আজাদের খোঁজে চলছে তল্লাশি।