
শেষ আপডেট: 10 March 2024 16:31
দ্য ওয়াল ব্যুরো দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে ফিরে এল কাটোয়ার রেণু খাতুনের ঘটনা। বিবাহবিচ্ছেদ চাওয়ায় স্ত্রীর হাত কেটে নিল স্বামী। বাসন্তীর শ্রীরামপুরের ঘটনা।
দু’বছর আগে কাটোয়ার বধূ রেণু খাতুনের হাত কেটে নেওয়া অভিযোগ উঠেছিল স্বামী শের মহম্মদের বিরুদ্ধে। দুই বন্ধুকে সঙ্গে নিয়ে গাছ কাটার কাটারি দিয়ে ঘুমন্ত স্ত্রীর উপর হামলা চালায় শের। স্ত্রীর কাটা হাত নিয়ে সে বেপাত্তা হয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
এক্ষেত্রে জানা গিয়েছে, অভিযুক্তের একাধিক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে। তাই বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন স্ত্রী। ১৫ দিন আগে বিচ্ছেদ হয় তাঁদের। রবিবার স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত। স্ত্রীর গায়ে একাধিকবার কোপ মারে। সেই সময়েই স্ত্রীর বাঁ হাত কেটে নেয়। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। তাঁদের আসতে দেখে অভিযুক্ত পালিয়ে যায়। আপাতত আশঙ্কাজনক অবস্থায় বাসন্তীর একটি নার্সিংহোমে চিকিৎসা চলছে আক্রান্ত মহিলার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম জরিনা মোল্লা। ১৪ বছর আগে দিল্লিতে কাজ করতে গিয়ে শাহজাহান নামে এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। শাহজাহানকে বিয়ে করে কালিডাঙার বাপের বাড়িতে ফিরে আসেন জরিনা। তবে জরিনার পরিবার মেয়ের এই বিয়ে মানতে চায়নি। তাই জরিনা বাপেরবাড়ির কাছে শ্রীরামপুরে জমি কেনেন। সেখানেই বাড়ি করে স্বামী শাহজাহানের সঙ্গে থাকতে শুরু করেন। দুই সন্তান রয়েছে এই দম্পতির।
প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েকদিন ধরে জরিনার সঙ্গে তাঁর স্বামী শাহজাহানের সম্পর্কের অবনতি ঘটে। তার কারণ স্বামীর বিবাহবর্হিভূত সম্পর্ক। তাই বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন জরিনা। গত ১৫ দিন আগে শাহজাহান-জরিনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই ছেলেকে নিয়ে বাড়িতে একাই থাকছিলেন ওই মহিলা। রবিবার সকালে ছেলেদের নিয়ে বাইরে বেরিয়েছিলেন। বাড়িতে তালা দেওয়া ছিল।
অভিযোগ, বাড়ি ফিরে দরজা খুলতেই শাহজাহান প্রাক্তন স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। অনেকের অনুমান, জানলা ভেঙে ঘরে ঢুকে শাহজাহান লুকিয়ে ছিল। দরজা দিয়ে জরিনাকে একা ঢুকতে দেখে হামলা চালায়।
রক্তাক্ত অবস্থায় কাটা হাত নিয়ে জারিনাকে বাড়ির বাইরে ছুটতে দেখে সকলেই হতবাক হয়ে যান। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ক্যানিং হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয়েছিল। পথে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরিনাকে বাসন্তীর একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। অভিযুক্ত শাহজাহান মোল্লা পলাতক। বাসন্তী থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।