দ্য ওয়াল ব্যুরো : সুপ্রিম কোর্ট শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাকে ঢুকতে অনুমতি দিয়েছে শুনে অন্ধ্রপ্রদেশ থেকে কেরলে এসেছিলেন মাধবী নামে এক ৪০ বছরের মহিলা। সঙ্গে ছিল তাঁর পরিবার। কিন্তু বুধবার বিক্ষোভকারীদের হাতে হেনস্থা হয়ে ফিরতে হল তাঁদের। এমনকী পুলিশও তাঁদের সাহায্যে এগিয়ে আসেনি। তারা জানিয়ে দিয়েছিল, আপনাদের নিজেদের দায়িত্বে আয়াপ্পান মন্দিরে যেতে হবে। আমরা সাহায্য করতে পারব না।
আয়াপ্পানের মন্দির একটি ছোট পাহাড়ের চূড়ায় অবস্থিত। পম্বা নামে এক জায়গা থেকে সেই পাহাড়ে উঠতে হয়। মাধবী ও তাঁর পরিবার সেই পথে ১০ মিনিট পাহাড়ে ওঠার পরে নেমে আসতে বাধ্য হন। কারণ বিক্ষোভকারীরা তাঁদের তাড়া করেছিল। গালিগালাজ করছিল।
এদিন লিবি সি এস নামে এক সাংবাদিককেও শবরীমালা মন্দিরে যাওয়ার পথে আটকে দেওয়া হয়। তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, আমরা চারজন শবরীমালা মন্দিরের দিকে চললাম। বিক্ষোভকারীরা সম্ভবত সেই পোস্ট দেখেছিল। তিনি মন্দির থেকে ৬৫ কিলোমিটার দূরে পাথানামাত্তিতা বাস স্ট্যান্ডে নাম মাত্র একদল বিক্ষোভকারী তাঁকে ঘিরে ফেলতে চেষ্টা করে। পুলিশ তাদের হটিয়ে দেয়। কিন্তু ওই সাংবাদিকও মন্দিরের কাছাকাছি যেতে পারেননি।