
প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 January 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। তার জেরে ঘরে ঢুকে এক গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। এরপরই আত্মঘাতী হন সেই মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। পুলিশ সূত্রে খবর, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যাতে ওই প্রতিবেশী এবং এক মহিলার নাম উল্লেখ করে গেছেন মৃত মহিলা।
নিউ ব্যারাকপুরের সাত নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাস্তায় ফেলে ওই অনুপমা সরকার নামের মহিলাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘরে ঢুকেও তাঁকে অর্ধনগ্ন করে মারা হয় বলে দাবি করেছে পরিবার। তারপরই অপমানে আত্মঘাতী হন মহিলা। পরিবারের অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁকে হুমকি দেওয়া হত। সোমবার রাতে সেই বচসা চরম পর্যায়ে চলে যায়। তারপরই এই ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, ওই মহিলারই প্রতিবেশী মত্ত অবস্থায় কয়েকজনকে নিয়ে চড়াও হয়ে ঘরে ঢুকে তাঁকে মারধর করে। তাঁর স্বামীকেও ছাড়া হয়নি। পরের দিন সকালে মহিলার স্বামী কাজে চলে গেলে আত্মঘাতী হন মহিলা। মৃতার পরিবারের দাবি, প্রতিবেশীর বিরুদ্ধে আগে অভিযোগ জানাতে গেলেও থানা তা নিতে চায়নি। তারপরই বাড়িতে হামলা হয়। এখন অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে তাঁদের তরফে।
মহিলার দুই প্রতিবেশী বিপ্রদাস বসু এবং মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তাঁরা সকলে বিজেপি কর্মী বলে জানা গেছে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করেছে। তাঁদের তরফে জানানো হয়েছে, দুই পরিবারের পক্ষ থেকে থানায় এসে বিষয়টি মিটমাট করে নেওয়া হয়েছিল। তারপর এই ঘটনা ঘটেছে। তবে মহিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মৃতার পরিবারকে নিয়ে নিউ ব্যারাকপুর থানার সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখান।