দ্য ওয়াল ব্যুরো : থানা লক আপের সামনে নাচছেন তরুণী পুলিশকর্মী। টিকটকে সেই ছবি নিজেই ছড়িয়ে দিয়েছিলেন নেট দুনিয়ায়। তাতেই তিনি শাস্তির মুখে পড়লেন।
গুজরাতের মেহসানা জেলার লাঙ্ঘনাজ থানার লক আপের সামনে নাচছিলেন পুলিশকর্মী অর্পিতা চৌধুরি। তাঁর পরনে ইউনিফর্মও ছিল না। মেহসানা জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ মনজিতা বানজারা বলেন, অর্পিতা চৌধুরি আইন ভেঙেছেন। তিনি ডিউটি করার সময় ইউনিফর্ম পরেননি। লাঙ্ঘনাজ গ্রামের থানার মধ্যে নিজের ভিডিও তুলেছিলেন। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
২০ জুলাই টিকটকে ওই ভিডিও তোলেন অর্পিতা। সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপের মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। ২০১৬ সালে লোক রক্ষক দলের চাকরিতে অর্পিতা যোগ দেন। ২০১৮ সালে তাঁকে মেহসানা জেলার ওই থানায় বদলি করা হয়।