দ্য ওয়াল ব্যুরো: দুই শিশুসন্তান-সহ মায়ের থ্যাঁতলানো দেহ উদ্ধার হল ফ্ল্যাটের ভিতর থেকে! পুলিশ জানিয়েছে, রবিবার দিল্লির নিহাল বিহারের এই ঘটনায় খোঁজ মিলছে না নিহত তরুণীর স্বামীর। তিনিই খুন করে পালিয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ৫ ও ৯ বছরের দুই শিশু এবং তাদের ২৯ বছর বয়সি মা প্রীতির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হাতুড়ি দিয়ে থেঁতলে মারা হয়েছে তিন জনকে। প্রীতির পেটে ছুরির একাধিক আঘাতও রয়েছে। ৯ বছরের ছেলের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে দেহ। ৫ বছরের মেয়েটিও রক্ষা পায়নি নৃশংস ভাবে খুন হওয়ার হাত থেকে।
প্রীতির পরিবার সূত্রের খবর, মাসখানেক আগে নিহাল বিহারে শিব পার্কের ফ্ল্যাটে ভাড়া নিয়ে এসে থাকতে শুরু করেছিলেন প্রীতিরা। পরিবারের দাবি, প্রীতির স্বামী গগন প্রায়ই মদ্যপ অবস্থায় মারধর করত প্রীতিকে। অশান্তি লেগেই থাকত তাদের। গগনই প্রীতি ও তাঁর সন্তানদের মেরেছে বলে অভিযোগ পরিবারের।
প্রীতির ফোন বারবার বেজে যাওয়ার পরে প্রীতির বাবাই গিয়েছিলেন মেয়ের ফ্ল্যাটে। সেখানেই রক্তে ভেসে থাকতে দেখেন মেয়ে ও নাতিনাতনিকে। তার পরেই পুলিশে খবর দেন তিনি। পুলিশ ওই ফ্ল্যাট থেকে একটি হাতুড়িও পেয়েছে। সেটা দিয়েই তিন জনকে খুন করা হয়েছে বলে অনুমান তাদের।
গগনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে খোঁজ চলছে তাঁর।