জানুয়ারির শেষে ফের ঠান্ডা বাংলায়। কলকাতার তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির ঘরে, পশ্চিমের জেলাগুলিতে রাতের পারদ ১০ ডিগ্রির কাছাকাছি।

আবহাওয়া
শেষ আপডেট: 8 February 2026 09:27
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহ থেকে শুরু করে জানুয়ারির শেষ—এই দেড় মাসই বাংলার শীতের সম্বল। বছরের বাকি সময় কখনও কম গরম, কখনও বেশি গরম, আর বর্ষায় ভ্যাপসা অস্বস্তি। তাই শীতটা যদি একটু বেশি দিন থাকে, সেই আশাই করেন অনেকে। শেষ পর্যন্ত সেই চাওয়াই যেন খানিকটা পূরণ হল।
কলকাতার তাপমাত্রা ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে—এই পূর্বাভাস কয়েক দিন আগেই দিয়েছিলেন আবহবিদরা। একই সঙ্গে তাঁরা জানিয়েছিলেন, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শেষ পর্যন্ত মিলল দুই পূর্বাভাসই।
২৪ জানুয়ারির পর থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আর ১৪ ডিগ্রির ঘরে নামেনি। কিন্তু উত্তর–পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা ঠান্ডা হাওয়ার পথ আটকে রেখেছিল। সেই ঝঞ্ঝাগুলি সরে যেতেই আবার বাংলার দিকে দাপট দেখাতে শুরু করল উত্তুরে হাওয়া। সম্ভবত এই মরশুমে শেষবারের মতোই।
জানুয়ারির শেষ সপ্তাহ শুরু হতেই হঠাৎ ঠান্ডা কমে যাওয়ায় শীতপ্রেমীদের একটা বড় অংশ সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তার আগের কয়েক দিন রাজ্যজুড়ে ছিল জাঁকিয়ে ঠান্ডা। বিশেষ করে কলকাতা ও দক্ষিণবঙ্গে এত দীর্ঘ সময় ধরে এমন ঠান্ডা বেশ কয়েক বছর পর দেখা গিয়েছিল। সেই ঠান্ডা আচমকা উবে যেতেই অনেকেই আক্ষেপ করে লিখেছিলেন, ‘ঠান্ডা পড়তে না পড়তেই কারও কারও এমন কাঁপুনি ধরল যে, শীতকে তাড়িয়েই ছাড়ল!’ তবে যেতে যেতেও শেষ পর্যন্ত ফিরে এল শীত।
শনিবার সকালে আলিপুর আবহাওয়া দফতর জানায়, ভোরে কলকাতার তাপমাত্রা নেমে এসেছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি। অর্থাৎ, এক রাতেই পারদ নেমেছে ১.৩ ডিগ্রি। উত্তুরে হাওয়ার গতি বাধাহীন হওয়ায় রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ফের পুরোদস্তুর শীতের আমেজ।
এ দিন সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১, বাঁকুড়ায় ১১.১ এবং আসানসোলে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে কোচবিহার (১১.১) ও জলপাইগুড়িতেও (১১.৭) ফিরেছে শীতের দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৫.৫ ডিগ্রি এবং দার্জিলিং পোস্ট অফিসে ৪.২ ডিগ্রি সেলসিয়াসে। পার্বত্য কালিম্পং এবং দক্ষিণবঙ্গের কল্যাণী—এই দুই জায়গায় শুক্রবার রাতে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের মধ্যে অন্যতম কম।
আবহবিদদের মতে, আগামী কয়েক দিন এই শীতের আমেজ বজায় থাকবে রাজ্য জুড়ে।
এক বছর আগে, অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির শুরুতেই শীত বিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছিল। ৬ ফেব্রুয়ারিতে কলকাতার দিনের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসে। এ বার এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি। যদিও এ বছর গরমের প্রাবল্য নিয়ে আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছেন আবহবিদরা। তবে তার আগে শীতের এই শেষ অধ্যায়টুকু উপভোগ করার সুযোগ কে আর হাতছাড়া করতে চায়!