
শেষ আপডেট: 2 February 2023 10:04
দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরায় (Tripura) ভোটগ্রহণ ১৬ ফেব্রুয়ারি। ২ মার্চ ফল ঘোষণা। সেদিন যদি হঠাৎ খবরে দেখেন, বিধায়ক হয়েছেন হলিউড (Hollywood), কেমন হবে? রাজনীতির সাপলুডোয় যদি দেখা যায় ত্রিপুরা মন্ত্রিসভায় জায়গা পেয়ে গিয়েছেন হলিউড, তাহলেই বা কী হবে?
তবে হলিউডের যে জেতার ক্ষমতা রয়েছে তা নিয়ে স্বপ্নে বিভোর ত্রিপুরা রাজবাড়ি।
ত্রিপুরা রাজবাড়ির ছেলে প্রদ্যোৎ কিশোর দেববর্মন কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার পর নতুন দল গড়েছেন। সেই দলের নাম তিপ্রা মথা। বছর তিনেক বয়স সেই দলের। সেই মথাই এবার ত্রিপুরা নির্বাচনে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। সেই দলেরই প্রার্থী হয়েছেন হলিউড চাকমা (Hollywood Chakma)। এটাই তাঁর নাম।
উত্তর ত্রিপুরা জেলার পেচারথল কেন্দ্রে মথার প্রার্থী হলিউড। একটা সময়ে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই করতেন। সেই থেকেই কংগ্রেসি রাজনীতিতে হাতেখড়ি হয় হলিউডের। কিন্তু প্রদ্যোৎ অনুগামী হলিউড মহারাজের সঙ্গেই কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন। যোগ দিয়েছিলেন বুবাগ্রার নতুন দলে।
হলিউড পড়তেন কৈলাশহর ডিগ্রি কলেজে। তিনি বলেছেন, ওই সময় থেকেই রাজনীতি করা শুরু তাঁর। তবে নাম নিয়ে বিড়ম্বনার কথাও জানিয়েছেন তিনি।

হলিউডের বক্তব্য, 'ছোটবেলায় এই নামের জন্য বন্ধুবান্ধবরা টিটকিরি দিত। একবার ভেবেছিলাম নাম বদল করব। কিন্তু আমার বাবা আমায় তা করতে দেননি।'
বছর তিরিশের এই জনজাতি অংশের যুব নেতাটির বক্তব্য, ‘আমার বাবাই আমার নাম রেখেছিলেন হলিউড। তিনি মনে করেন, আমার নাম রাবণ রাখা হলে আমি রাবণের গুণাবলী নিয়ে বড় হতাম। এই কারণেই হলিউড রাখা যাতে আমার জীবনে সেরকম একটা সিনেমার মতো হয়।’
সেই হলিউড নিজেও জেতার ব্যাপারে আশাবাদী। প্রোদ্যোৎ নিজেও বলেছেন, হলিউড খুব জেদি ছেলে। এখন দেখার ভোটের ফলে কী হয়। হলিউড হিট করেন, নাকি ফ্লপ!