
শেষ আপডেট: 13 October 2023 09:10
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। কিন্তু রোদ ঝলমলে মনোরম এই আবহাওয়া কি পুজোতেও বজায় থাকবে? নাকি বর্ষাসুরের দাপটে এবারেও মাটি হবে পুজোর আনন্দ?
রাত পোহালেই মহালয়া। পুজোর প্রস্তুতি তুঙ্গে। তারই মাধে আবহাওয়ার খামখেয়ালীপনা নিয়ে হাজারও প্রশ্ন উঁকি দিচ্ছে আমজনতার মনে। পুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, এবার এই বিষয়েই বিস্তারিত জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী এক দু’দিনের মধ্যে চলতি বছরের মতো পাকাপাকি বিদায় নিতে চলেছে বর্ষা। আগামী সোমবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে।
দক্ষিণবঙ্গেও আবহাওয়া থাকবে শুষ্ক। ফলে শুষ্ক আবহাওয়ার জেরে তাপমাত্রা জনিত অস্বস্তি কিছুটা থাকতে পারে। তবে সমুদ্র ঘেঁষা অঞ্চলগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। বিশেষত দার্জিলিং এবং কালিম্পং এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তনের সম্ভবনা নেই।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯৪ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সংশ্লিষ্ট অক্ষরেখাটি বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে একটি পশ্চিমী ঝঞ্ঝা। যার প্রভাবে চলতি বছরের মতো পাকাপাকি বিদায় নেবে বর্ষা।
আগামী ২৪ ঘম্টার মধ্যে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং কর্ণাটকের আরও আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। একইভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।