.webp)
শেষ আপডেট: 29 January 2024 07:26
দ্য ওয়াল ব্যুরো: ২৪ দিন পার, এখনও নিখোঁজ সন্দেশখালির বাদশা শাহজাহান শেখ। গত বুধবার সন্দেশখালির সরবেড়িয়ায় তালা ভেঙে শাহজাহানারে বাড়িতে ঢুকেছিল ইডি। তল্লাশি অভিযান শেষে ফেরার সময় তৃণমূল নেতার বাড়ির দরজায় নোটিস সাঁটিয়ে ফেরেন তদন্তকারীরা।
২৯ জানুয়ারি সকাল ১১ টায় সিজিও কমপ্লেক্স এ হাজিরার নির্দেশ দেওযা হয়েছে শাহাজাহানকে। ইডির নির্দেশ মেনে সোমবার অর্থাৎ ২৯ জানুয়ারি শাহজাহান আদৌ কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হন কি না, সেদিকে তাকিয়ে সব মহল।
আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং নিজের পাসপোর্ট আকারের ছবি নিয়ে শাহজাহানকে সিজিওতে হাজিরার নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, শাহজাহান না দিলে আইনি ব্যবস্থা নিতে পারে ইডি। একই সঙ্গে শাহজাহানের খোঁজে ফের সন্দেশখালিতে অভিযান চালাতে পারে কেন্দ্রীয় বাহিনী।
এরই মাঝে ফেরার শাহজাহান নিয়ে রবিবার বিস্ফোরক দাবি করেছেন সিপিএমের স্থানীয় প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। সিপিএমের প্রাক্তন বিধায়কের দাবি, "বাড়ি থেকে ১-১২ কিলোমিটার এলাকার মধ্যেই রয়েছেন শাহজাহান। ন্যাজাট এবং সন্দেশখালি থানার পুলিশই তাঁকে আশ্রয় দিচ্ছে। সঙ্গে রয়েছে শাহজাহানের নিজস্ব বাহিনীও।"
কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দাবি করেছিলেন, সন্দেশখালির ৫ কিলোমিটার এলাকার মধ্যেই ঘোরাফেরা করছেন শেখ শাহাজাহান। অন্যদিকে তৃণমূলের এগরার নেতা তথা কারামন্ত্রী অখিল গিরি দাবি করেছিলেন, চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন শাহজাহান।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেদিন রীতিমতো মার খেয়ে এলাকা ছাড়তে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের। মাথা ফেটেছিল তিন অফিসারের। তারপর থেকেই খোঁজ নেই শাহজাহান শেখের।
গত বুধবার তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালিয়ে নগদ অর্থ না মিললেও বেশ কিছু জমি বাড়ির দলিল এবং গয়নার বিল পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, শাহজাহানের বাড়ি থেকে ১৯টি অরেজিস্ট্রিকৃত দলিল পেয়েছে ইডি। কলকাতার দু’ট নামি সোনার দোকান থেকে কেনা বেশকিছু গহনার বিলও পাওয়া গিয়েছে। এমনকী শাহজাহানের বাজার’ বা শেখ শাহজাহান মার্কেটের বিস্তারিত প্রজেক্ট রিপোর্টও পেয়েছেন তদন্তকারীরা।
এছাড়াও শাহজাহানের নিজের নামে তিনটি জীবনবিমার কাগজপত্রও পেয়েছে ইডি। পাওয়া গিয়েছে ২০১৮ সালে শাহজহানের দেওয়া আয়কর রিটার্নের ফাইল। শাহজাহান শেখের বাড়ি থেকে বহু ব্যাক্তির বিমানের টিকিট, ভিসা, বিমার সার্টিফিকেট সংক্রান্ত নথির কাগজও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
তদন্তকারী দলের এক সদস্যের কথায়, "শাহজাহানের বাড়ি থেকে হয়তো নগদ অর্থ মেলেনি, তবে অনেক কাগজপত্র পাওয়া গিয়েছে। যা তদন্তের কাজে আসতে পারে।"