
জ্যোতিপ্রিয় মল্লিক।
শেষ আপডেট: 7 August 2024 20:47
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য মেডিক্যাল টেস্টের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই মামলায় বুধবার আদালতে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট জমা দিলেন প্রেসিডেন্সির জেল সুপার।
অসুস্থতার কারণে এর আগে চিকিৎসার জন্য অন্তত একমাসের জামিনে মুক্তির আর্জি জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়র আইনজীবী মিলন মুখোপাধ্যায়। এদিন আদালতে তিনি বলেন, "জেল কর্তৃপক্ষের জমা দেওয়া স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টের বিষয়ে কল্যানী এইআইএম এর পরামর্শ নেওয়া হোক।"
প্রেসিডেন্সি জেলের জমা দেওয়া রিপোর্ট দেখতে চান ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদীও। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন, রিপোর্টের কপি আদালতের নির্দিষ্ট নিয়মে পাওয়া যাবে। তখনই এ ব্যাপারে নিজের বক্তব্য জানাতে পারবে দু'পক্ষ। তারপরই জ্যোতিপ্রিয়র জামিনের বিষয় এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৩ অগস্ট।
রেশন দুর্নীতি মামলায় আনুমানিক প্রায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির আধিকারিকদের। সেই দুর্নীতির তদন্তে নেমেই গত বছরের ২৭ অক্টোবর মাঝরাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাড়িতে প্রায় ২১ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত ৩টে নাগাদ তৎকালীন মন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারীরা। রেশন দুর্নীতি মামলায় আটাকল মালিক বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পরই জ্যোতিপ্রিয় মল্লিকের নাম সামনে আসে।
গ্রেফতার হওয়ার পর চিকিৎসার কারণে দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ছিলেন বালু। সেখান থেকে তাঁর ঠিকানা এখন প্রেসিডেন্সি সংশোধনাগার। কিন্তু সেখানে তাঁর যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ। এর আগেও জেলে বালুর চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছিলেন তাঁর আইনজীবী। অসুস্থতার প্রেক্ষাপটেই জামিন চেয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি আদালত। এরপরই আদালতে তত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষার দাবি জানিয়েছিলেন বালুর আইনজীবী।