দ্য ওয়াল ব্যুরো : ভোটের আগে বিজেপি ঘোষণা করেছিল, সারা দেশেই জাতীয় নাগরিকপঞ্জি তৈরি হবে। যাঁরা অবৈধভাবে এদেশে ঢুকেছে, সবাইকে তাড়ানো হবে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ফের বললেন, আমাদের সরকার দেশের প্রতি ইঞ্চিতে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে। তারপর আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দেশ থেকে দূর করে দেওয়া হবে।
মঙ্গলবারই সরকার ঘোষণা করে, অনুপ্রবেশকারী ঠেকানোর জন্য আন্তর্জাতিক সীমান্তে আরও কড়া নজরদারি চালানো হবে। লোকসভায় পরবেশ সাহিব সিং নামে এক সাংসদের প্রশ্নের জবাবে সরকার লিখিতভাবে জানায়, সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে। নানা জায়গায় ফ্লাডলাইট লাগানো হচ্ছে। বর্ডার আউটপোস্ট তৈরি হচ্ছে। আরও রাস্তাঘাটও তৈরি হচ্ছে।
একইসঙ্গে সরকার জানায়, সীমান্তরক্ষীরা ইন্টারন্যাশনাল বর্ডারে নিয়মিত টহল দেন। সীমান্তে কিছুদূর অন্তর অবজারভেশন পোস্ট তৈরি হয়েছে। অনুপ্রবেশকারীরা যাতে সুড়ঙ্গ খুঁড়ে না আসতে পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে।
সরকার স্বীকার করেছে, এত কিছুর পরেও অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো যায়নি। সীমান্তের অনেক জায়গায় পাহাড় ও নদী আছে। সেখানে নজর রাখা দুঃসাধ্য কাজ।
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অনুপ্রবেশকারী সমস্যা মোকাবিলার জন্য সরকার ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের তিন নম্বর ধারা প্রয়োগ করবে। ওই ধারা অনুযায়ী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যায়, তাদের আটক করা যায় এবং দেশ থেকে বার করে দেওয়া যায়।
অসমে এনআরসি সম্পর্কে বলা হয়, নাগরিকত্ব আইন অনুযায়ী অসমে ১৯৫১ সালে তৈরি হওয়া নাগরিকপঞ্জির আধুনিকীকরণ করা হচ্ছে।