দ্য ওয়াল ব্যুরো : ভোটে জিতলে 'নতুন বিহার' গঠন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার বিহারে ভোট প্রচারে গিয়ে তাঁকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। তিনি প্রশ্ন করেন, তেজস্বীর বাবা লালুপ্রসাদ যাদব কিংবা মা রাবড়ি দেবীর ছবি তাঁদের দলের কোনও পোস্টারে নেই কেন? যাঁরা একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁদের ছবি ব্যবহার করতে তেজস্বীর এত লজ্জা কীসের?
এদিন পূর্ণিয়ায় জনসভা করেন রবিশংকর। তিনি বলেন, তেজস্বীর বাবা-মা ১৫ বছর বিহারকে শাসন করেছেন। তিনি তেজস্বীর নাম না করে বলেন, "একজন বলছেন, নতুন বিহার গড়ে তুলবেন। তাঁর নতুন বিহারের পোস্টারে বাবা-মায়ের ছবি নেই। তাঁরা দু'জনেই গড়ে সাড়ে সাত বছর করে বিহার শাসন করেছেন। তাঁদের ছেলে পোস্টারে বাবা-মায়ের ছবি দিতে লজ্জা পায়।" পরে তিনি বলেন, "পোস্টারে লালু বা রাবড়ি দেবীর ছবি দিলেই মানুষ পূর্ণিয়ার ভট্টাবাজার এলাকায় অপহরণ সম্পর্কে জানতে চাইবে। তাদের মনে পড়বে, একসময় অনেককে পূর্ণিয়া ছেড়ে পালাতে হয়েছিল।"
সোমবার ভোট প্রচারের শেষ দিনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, অনেকের আট-ন'টি সন্তান আছে। পুত্র সন্তান লাভ করার আশায় তারা অতগুলি সন্তানের জন্ম দিয়েছে। কন্যাসন্তানের প্রতি তাদের কোনও আস্থা নেই। অনেকগুলি কন্যার পরে তাদের একটি পুত্র জন্মেছে। আপনারা বুঝতেই পারছেন, কী ধরনের বিহার তারা গড়তে চায়।
এক্ষেত্রে তিনি নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে কটাক্ষ করেন। কারণ লালুর ন'টি সন্তান আছে। তেজস্বী যাদব সেই কটাক্ষের জবাবে বলেন, নীতীশ যদি তাঁকে অপমান করেন, তাকে তিনি আশীর্বাদ হিসাবে নেবেন। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পাঁচটি ভাই-বোন আছে।
তেজস্বী বলেন, মুখ্যমন্ত্রী মেয়েদের, বিশেষত মায়েদের ভাবাবেগে আঘাত দিয়েছেন। আরজেডি নেতা ভোটের প্রচারে বার বার বলেছেন, ৬৯ বছর বয়সী নীতীশ কুমার মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। এরপরে মোদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমার পরিবার সম্পর্কে বলতে গিয়ে নীতীশ প্রধানমন্ত্রীকেও টার্গেট করে বসেছেন। কারণ তাঁরও অনেকগুলি ভাইবোন আছে।"
৩১ বছর বয়সী তেজস্বী বলেন, মুখ্যমন্ত্রী কোনও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেন না। মুদ্রাস্ফীতি, দুর্নীতি ও বেকারত্ব নিয়ে কখনও তাঁকে কিছু বলতে শোনা যায় না। আসলে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। যা খুশি তাই বলছেন।
এবার ভোটের প্রচারে তেজস্বীর সভায় ভাল ভিড় দেখা গিয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জিতলে ১০ লক্ষ লোককে চাকরি দেবেন। পর্যবেক্ষকদের মতে, এনডিএ নেতারা ক্রমশ নার্ভাস হয়ে পড়ছেন। তার প্রতিফলন দেখা যাচ্ছে নীতীশের আচরণে। এমনিতে তিনি শান্ত প্রকৃতির মানুষ। কিন্তু এবার ভোটের আগে বিরোধীদের কটু কথা বলতে ছাড়েননি। একাধিকবার তেজস্বী যাদবকে ব্যক্তিগত আক্রমণ করেছেন।