দ্য ওয়াল ব্যুরো: জিনিসপত্রের মান, সার্ভিস, তাড়াতাড়ি ডেলিভারির জন্য মিন্ত্রা অত্যন্ত জনপ্রিয় একটি ই-কর্মাস সাইট। এর পাশাপাশি ক্রেতাদের চাহিদা পূরণ করার দিকটিতেও তারা সুনজর দেয় বলেই মনে করেন কেউ কেউ। এবারে উঠল অভিযোগ। তবে সার্ভিস নিয়ে নয়। এবার অভিযোগ উঠেছে মিন্ত্রার লোগো নিয়ে। সেই অভিযোগের ভিত্তিতেই এবারে বদলাতে চলেছে বিখ্যাত ই-কর্মাস সাইট মিন্ত্রার লোগো।
কী অভিযোগ?
নাজ প্যাটেল নামের এক মহিলা কয়েকমাস আগে, মিন্ত্রার লোগো নিয়ে মুম্বইয়ের সাইবার সেলে অভিযোগ জানান। তাঁর মতে মিন্ত্রার লোগো যথেষ্ট আপত্তিকর। মহিলাদের জন্য অত্যন্ত আপনজনক এই লোগো। অথচ এর আগে এই লোগো নিয়ে কাউকেই ভাবনাচিন্তা করতে কিংবা সমস্যা জানাতে দেখা যায়নি। নাজ প্যাটেল দাবি করেন, ওই লোগো পাল্টে ফেলার।

অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ডিসিপি রশ্মি কারান্ডিকরও নাজ প্যাটেলের সঙ্গে সহমত পোষণ করেই জানিয়েছেন, মিন্ত্রার লোগো বাস্তবিকই আপত্তিকর। সেকারণে মুম্বই পুলিশ থেকে মিন্ত্রাকে এই অভিযোগ ইমেল মারফত জানানো হয়। উল্টোদিকে পাল্টা ইমেল মারফতই মিন্ত্রার আধিকারিকরা আশ্বাস দেন, তারা এই বিতর্কিত লোগো কয়েকদিনের মধ্যেই বদলে ফেলবেন।
কী ছিল লোগোতে?
মিন্ত্রার লোগোয় দেখা গেছে, 'এম' লেখা রয়েছে বিশেষ ডিজাইনে। কিন্তু সে এম-টি এমন ভাবেই ডিজাইন করা, যাতে মনে হচ্ছে কোনও মহিলা পা ভাঁজ করে বসে আছেন কুরুচিপূর্ণ ভাবে। এর মধ্যে দিয়ে মহিলাদের প্রতি অশ্লীল ইঙ্গিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নাজ অভিযোগ তোলার পরে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে পোস্টও করেন। বিভিন্ন পেজে এই বিষয়টি ভাইরালও হয়। তাঁর কথা শুনে অনেকেই লোগোটির কুশ্রী দিকটি বুঝতে পেরেছেন এবং নাজের দাবির সঙ্গে সহমত হয়েছেন। কিন্তু আবার অনেকেরই মত, এটা একটা ডিজাইন ছাড়া কিছু নয়, এতে কোনও গোপন ইঙ্গিত লুকিয়ে নেই।

সে যাই হোক না কেন, প্রাথমিক তদন্তে ওই লোগোর মধ্যে আপত্তিকর বিষয় পেয়েছে পুলিশও। এবং মিন্ত্রা নিজেও এককথায় লোগো বদলে দিতে রাজি হয়েছে। সম্ভবত, গোলাপি রঙের মধ্যে হলুদ দিয়ে লেখা হবে সাদামাঠা এম। এটাই হবে মিন্ত্রার নতুন লোগো। মিন্ত্রার আধিকারিকরা জানাচ্ছেন, শুধু অ্যাপে নয়, প্যাকেজিং থেকে শুরু করে সমস্ত কিছুতেই আর কয়েকদিনের মধ্যে এই লোগো বদলে ফেলবেন তাঁরা।