
শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 5 December 2024 12:05
দ্য ওয়াল ব্যুরো: সমাবেশের প্রশ্নে সিদ্দিকুল্লা চৌধুরী, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের জন্য রাজ্যের আলাদা নিয়ম কেন? প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার রানি রাসমণিতে সমাবেশের ডাক দিয়েছে সনাতনীরা। পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টে যেতে হয় উদ্যোক্তাদের। ওই প্রসঙ্গ টেনেই এদিন রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "ওপারে ইউনুস যাহা, এপারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও তাহা।"
নিজের দাবির স্বপক্ষে তাঁর ব্যাখ্যা, "২৯ তারিখ রানি রাসমণিতে সিদ্দিকুল্লার নেতৃত্বে জামাত উলেমা হিন্দ সমাবেশ করেছিল। তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। ৩১ তারিখ ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের সমাবেশেও রাজ্য অনুমতি দিয়েছিল। শুধু হিন্দু সন্ন্যাসীদের ক্ষেত্রে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে রানি রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে।"
সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সোমবার সকাল থেকে সীমান্তে ২৪ ঘণ্টা প্রতীকী অবরোধ হয়েছে। আন্দোলন আরও তীব্রতর করা ডাক দিয়ে এদিন বিরোধী দলনেতা বলেন, বৃহস্পতিবার সনাতনীদের ওই সমাবেশ কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। তাই সকলকে এতে যোগ দিতে বলব। কারণ, বাংলাদেশে হিন্দুরা প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। বনগাঁ বর্ডারে এসে কাঁদছেন।
'৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে শুভেন্দু এও বলেন,"পাকিস্তানকে তাড়াতে দেড় বছর লেগেছিল। ৫ অগস্ট থেকে আজকে মাত্র ৪ মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো! বাংলাদেশের তালিবানি সরকারকে সরাতেও একটু সময় লাগবে।"
জানুয়ারির শেষে কী হবে, তার ব্যাখ্যাও অবশ্য দেননি বিরোধী দলনেতা। যা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে।